শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ১২:২৫ পিএম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে রোববার কাতার ফুটবল ফেডারেশন (কিউএফএ) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব টুর্নামেন্ট ও ম্যাচ স্থগিত করেছে। ফলে আর্জেন্টিনা ও স্পেনের ‘ফিনালিসিমা’র ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
তবে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা জানিয়েছে, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে আগামী সপ্তাহের শেষ নাগাদ সিদ্ধান্ত নেওয়া হবে।
ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকার শিরোপাধারী আর্জেন্টিনার এই ম্যাচটি মূলত ২৭ মার্চ দোহারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং এর জবাবে আরব উপদ্বীপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার পর কাতারের ফুটবল অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য সব ধরনের টুর্নামেন্ট স্থগিত করেছে।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, কাতার এই ম্যাচটি দোহাতেই আয়োজন করতে চায়, কারণ আয়োজনে তারা বড় অঙ্কের বিনিয়োগ করেছে। তবে ভেন্যু পরিবর্তন করতে হলে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন, উয়েফা, কনমেবল, ফিফা এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মতি প্রয়োজন হবে।
এক বিবৃতিতে উয়েফা বলেছে, স্থানীয় আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে। ম্যাচটি সফল করতে তারা অসাধারণ প্রচেষ্টা চালিয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত আশা করা হচ্ছে। এই মুহূর্তে বিকল্প কোনো ভেন্যু বিবেচনায় নেই।
এদিকে সময় দ্রুত ফুরিয়ে আসায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন পরিষ্কার সিদ্ধান্ত চাচ্ছে। কারণ, জুন–জুলাইয়ে আমেরিকায় ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় মার্চের আন্তর্জাতিক বিরতি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
আরটিভি/এসআর