শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ১২:৪৫ পিএম
সবঠিক থাকলে আগামী ১১ মার্চ শুরু হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মেহেদী হাসান মিরাজ বাহিনী।
সিরিজের আগে নিজেদের প্রস্তুত করতে আজ থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলন করবে টাইগাররা। পরদিনই মাঠে নামবে প্রস্তুতি ম্যাচে।
শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে মিরপুরেই বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ খেলবে মিরাজের দল। এরপর একদিন বিশ্রাম নিয়ে ৯ ও ১০ মার্চ আবার অনুশীলনে ফিরবে বাংলাদেশ। ওই দুই দিন দুপুর ১টা ৪৫ মিনিট থেকে তিন ঘণ্টা অনুশীলন করবে ক্রিকেটাররা।
সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। এরপর ১১ মার্চ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম লড়াই। দ্বিতীয় ম্যাচ ১৩ মার্চ এবং সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ১৫ মার্চ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে তিনটি ম্যাচই।
বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
আরটিভি/এসআর