রোববার, ০৮ মার্চ ২০২৬ , ০২:১৬ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ভারত। এই ম্যাচ জিতে রেকর্ড তৃতীয়বার শিরোপা জিততে মরিয়া ম্যান ইন গ্রিনরা। তবে ম্যাচের আগে আলোচনায় রয়েছে ভারতের একাদশ।
গুঞ্জন রয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের একাদশ থেকে বাদ পড়তে পারেন অভিষেক শর্মা। টুর্নামেন্টে এখনও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি এই বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। সাত ম্যাচে তিনি করেছেন মাত্র ৮৯ রান, যার মধ্যে আছে একটি মাত্র অর্ধশতক।
টুর্নামেন্ট শুরুর আগে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ায় তার ফর্ম ও আত্মবিশ্বাসে প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে অফ স্পিনার উইল জ্যাকসের বলে আউট হওয়ার আগে সাত বলে মাত্র ৯ রান করেছিলেন তিনি।
অন্যদিকে ভারতের প্রধান স্পিনার বরুণ চক্রবর্তীর জায়গা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাম্প্রতিক কয়েক ম্যাচে তিনি ফর্মে না থাকায় ফাইনালে তার পরিবর্তে কুলদীপ যাদবকে খেলানোর ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।
তবে ব্যাটিং বিভাগে আত্মবিশ্বাসী ভারত। সঞ্জু স্যামসন চার ম্যাচে করেছেন ২৩২ রান। ঈশান কিষাণ আট ম্যাচে করেছেন ২৬৩ রান। সূর্যকুমার যাদবের ব্যাট থেকেও এসেছে ২৪২ রান। মিডল অর্ডারে শিবম দুবে করেছেন ২০৯ রান। হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মাও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বোলিং বিভাগে ভারতের প্রধান ভরসা জাসপ্রিত বুমরাহ, যিনি এখন পর্যন্ত নিয়েছেন ১০ উইকেট। তাকে সঙ্গ দিয়েছেন অর্শদীপ সিং (৯ উইকেট) ও অক্ষর প্যাটেল (৮ উইকেট)। হার্দিক পান্ডিয়াও বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছেন।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং ও জাসপ্রিত বুমরাহ।
আরটিভি/এসআর