সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ০৩:৩৫ পিএম
দেশে না থাকলেও দেশের ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে আছেন সাকিব আল হাসান। জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে জোর গুঞ্জন তৈরি হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ক্রিকেটাররাও বিষয়টি নিয়ে কথা বলছেন।
তবে পাকিস্তান সিরিজে সাকিবের ফেরা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে সোমবার (৯ মার্চ) জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সস বলেন, আপনারা যতটুকু শুনেছেন বা পত্রিকায় পড়েছেন, আমিও ঠিক ততটুকুই জানি। সাকিব আল হাসানের ফেরার বিষয়ে আমার কাছে বাড়তি কোনো তথ্য নেই।
এদিকে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দলের পরিকল্পনার কথাও জানিয়েছেন টাইগার প্রধান কোচ। তিনি বলেন, আমরা এখন থেকে চেষ্টা করব অন্তত তিনজন ফাস্ট বোলার নিয়ে খেলতে। কারণ বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়, সেখানে আমাদের পেসারদের ওপরই নির্ভর করতে হবে।
তিনি আরও বলেন, পরিস্থিতি অনুযায়ী তিনজন স্পিনারও খেলানো হতে পারে, তবে এমনটা হবে না যে একজন স্পিনার মাত্র দুই ওভার বল করবে। যে দেশে খেলা হবে, সেই কন্ডিশন মাথায় রেখেই দলকে প্রস্তুত করতে হবে।
মিডল ওভারে দলের পারফরম্যান্স নিয়েও গুরুত্ব দিয়েছেন সিমন্স। তার মতে, মিডল ওভারে আমরা যতটা ভালো হতে চেয়েছিলাম, ততটা হতে পারিনি। এই জায়গাটিতে আমরা অনেক বেশি জোর দিচ্ছি। ওই ওভারগুলোতে কত রান আসছে, কত সিঙ্গেল বা বাউন্ডারি পাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ। ৫০ ওভারের খেলায় এটা বড় একটি অংশ।
বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে তাই পেস আক্রমণ শক্তিশালী করা এবং মিডল ওভারে রান তোলার দক্ষতা বাড়ানো এই দুই বিষয়েই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট।
আরটিভি/এসকে