images

খেলা / ক্রিকেট

পছন্দের ব্যাটিং পজিশন জানালেন মিরাজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ০৩:০১ পিএম

বাংলাদেশ দলের অলরাউন্ডার ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, ব্যাটিং অর্ডারে সাত নম্বরে খেলতে পারলে দলের জন্য বেশি অবদান রাখতে পারবেন বলে মনে করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং পজিশন ও সাম্প্রতিক অফ ফর্ম নিয়ে কথা বলেন মিরাজ। 

মিরাজ বলেন, তিনি ক্যারিয়ারে প্রায় সব পজিশনেই ব্যাট করেছেন। তবে সাত নম্বরে খেললে দলের জন্য বেশি কার্যকর হতে পারেন বলে তার বিশ্বাস।

তার ভাষায়, আমি যদি সাত নম্বরে ব্যাটিং করি, আমার মনে হয় এটা দলের অনেক উপকার হবে। টপ অর্ডারেও অনেক সময় ব্যাটিং করেছি, হয়তো রানও পেয়েছি; কিন্তু অনেক সময় দল জিততে পারেনি।

সাম্প্রতিক সময়ের ব্যাটিং ফর্ম নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন এই অলরাউন্ডার। তিনি জানান, বিশ্বকাপের পর প্রায় ১৫টির মতো ওয়ানডে খেলেছেন, তবে সেগুলো অনেক বিরতি দিয়ে হওয়ায় ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হয়েছে।

মিরাজ বলেন, আমি চিন্তিত না। সবার প্রত্যাশা থাকে আমি অনেক ম্যাচ জেতাব। হয়তো সেটা সব সময় হচ্ছে না, তবে চেষ্টা করছি দলকে জেতানোর জন্য।

নিজের ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় সাফল্যকে বেশি গুরুত্ব দেন বলেও জানান তিনি। মিরাজ বলেন, দলের প্রয়োজনে যেকোনো ভূমিকায় অবদান রাখাই তার লক্ষ্য।

তিনি বলেন, আমি কখনো নিজেকে নিয়ে খুব বেশি চিন্তা করিনি। সব সময় ভাবি কীভাবে দলকে জেতানো যায়। প্রথম প্রায়োরিটি দল। আমার পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ, কারণ ব্যাটিং ও বোলিং দুটোই দলের জন্য দরকার।

এদিকে মিরাজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন নন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, অধিনায়কত্ব মিরাজের ওপর বাড়তি চাপ তৈরি করছে বলে মনে হয় না। 

আরও পড়ুন
india

আইসিসির প্রাইজমানির চেয়েও ক্রিকেটারদের বেশি পুরস্কার দিচ্ছে বিসিসিআই

সিমন্স বলেন, আমি মনে করি না অধিনায়কত্ব তাকে চাপে ফেলছে। সাম্প্রতিক সময়ে হয়তো খুব ভালো করতে পারেনি, তবে আমরা তার সক্ষমতা জানি। সে কঠোর পরিশ্রম করছে। আশা করি খুব দ্রুত আগের ফর্মে ফিরে আসবে।

পাকিস্তান সিরিজকে সামনে রেখে এখন নিজের পারফরম্যান্স দিয়ে দলকে সাফল্য এনে দেওয়ার দিকেই নজর মিরাজের।

আরটিভি/এসকে