images

খেলা / ক্রিকেট

চ্যাম্পিয়ন হয়েও জরিমানা গুনলেন ভারতীয় ক্রিকেটার

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ০৭:৩৫ পিএম

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দল চ্যাম্পিয়ন হলেও এই ম্যাচে শাস্তি পেয়েছেন ভারতীয় পেসার আর্শদীপ সিং।

গত রোববার (৮ মার্চ) টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আচরণবিধি ভঙ্গের কারণে ভারতের পেসার আর্শদীপ সিংকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। 

আইসিসির অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়, আচরণবিধির লেভেল–১ ভঙ্গ করেছেন আর্শদীপ। তিনি আইসিসির আচরণবিধির ২.৯ নম্বর ধারার আওতায় দোষী সাব্যস্ত হন। এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে বা কাছাকাছি বিপজ্জনক বা অনুপযুক্তভাবে বল বা ক্রিকেট সরঞ্জাম ছুড়ে মারার সঙ্গে সম্পর্কিত।

আরও পড়ুন
Lopy

বগুড়ায় পর্দা উঠবে প্রথম নারী বিপিএলের

ঘটনাটি ঘটে নিউজিল্যান্ড ইনিংসের ১১তম ওভারে। তখন আর্শদীপের ছোড়া একটি থ্রো গিয়ে লাগে নিউজিল্যান্ড ব্যাটার ড্যারিয়েল মিচেলের শরীরে। ঘটনাটি নিয়ে মাঠে কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলেও পরে দুই খেলোয়াড়ই পরিস্থিতি স্বাভাবিক করেন।

ম্যাচ শেষে আর্শদীপ মিচেলের কাছে ক্ষমা চান। পরে দুজনকে হাসিমুখে কথা বলতে এবং বন্ধুত্বপূর্ণভাবে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায়।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্শদীপ বলেন, আমি মিচেলের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেছি। আমার থ্রোটা একটু বেশি রিভার্স হয়ে গিয়েছিল এবং সেটা তার গায়ে লাগে। আমি তাকে বলেছি যে আমি ইচ্ছাকৃতভাবে তাকে আঘাত করিনি।

আরটিভি/এসআর