images

খেলা / ক্রিকেট

পাকিস্তানের কামব্যাক নাকি টাইগারদের সিরিজ জয়

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ১০:১২ এএম

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে সিরিজে শুভসূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে আজ মাঠে নামতে যাচ্ছে টাইগাররা।

শুক্রবার (১৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

সিরিজের প্রথম ম্যাচে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে ৮ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচেও স্পষ্টভাবে ফেভারিট টাইগাররা। এক ম্যাচ বাকি রেখে সিরিজ জয়ের দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। 

প্রথম ম্যাচের ফলাফল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অভিজ্ঞতা এবং শক্তির পার্থক্য স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। বাংলাদেশ সফরে বেশ কিছু সিনিয়র খেলোয়াড়কে বাদ দিয়ে নতুন ক্রিকেটারদের সুযোগ দিয়েছে পাকিস্তান। 

আরও পড়ুন
MAHMUDULLAH

যে কারণে মাথা হেঁট হয়েছিল মাহমুদউল্লাহর

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে তরুণদের সুযোগ দিয়েছে তারা। কিন্তু প্রথম ম্যাচে শোচনীয়ভাবে ম্যাচ হারে পাকিস্তান। 

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ পেসার রানার বোলিং তোপে ৩০.৪ ওভারে ১১৪ রানে অলআউট হয় সফরকারী পাকিস্তান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৪ রানে ৫ উইকেট নেন রানা। 

জবাবে ওপেনার তানজিদ হাসান তামিমের ৪২ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৬৭ রানের সুবাদে ২০৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। 

দ্বিতীয় ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, এটা দুর্দান্ত শুরু ছিল। অনেকদিন পর আমরা ওয়ানডে ম্যাচ খেলেছি। চ্যালেঞ্জিং হলেও সবাই পরিস্থিতি ভালভাবে মানিয়ে নিয়েছে। আশা করি খেলোয়াড়দের কঠোর পরিশ্রমে আমরা সিরিজ জিততে পারব।

এদিকে প্রথম ম্যাচে হতাশাজনক পারফরমেন্স হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। 

তিনি বলেন, আমরা যেভাবে সিরিজের শুরু করতে চেয়েছিলাম, সেভাবে পারিনি। কিন্তু এখনও সিরিজের দু’টি ম্যাচ বাকি আছে এবং আমরা সিরিজে সমতা ফেরাতে আত্মবিশ্বাসী। এটি তরুণ দল এবং আমি শেষ পর্যন্ত তাদের সমর্থন করব। আমাদের সবার সাথে পারস্পারিক বোঝাপড়া গড়ে তুলতে হবে। ওয়ানডে ক্রিকেটে, ব্যাটিং বা বোলিং সবক্ষেত্রেই বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরটিভি/এসআর