গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া ক্রিকেট ও বিপিএলের খেলে যাচ্ছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে ক্যারিয়ারে ঘটে যাওয়া বেশকিছু বিষয় নিয়ে মুখ খুলেছেন এই কিংবদন্তি ক্রিকেটার।
যেখানে অনুশীলন করতে গিয়ে ‘অপমানিত’ হওয়ার ঘটনাও খুলে বললেন অভিজ্ঞ এই ব্যাটার।
তিনি বলেন, তখন আমি বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার। একদিন আমি মিরপুরে অনুশীলন করতে যাই। জাতীয় দলের ক্রিকেটাররা ইনডোরের দিকে অনুশীলন করে, আমি একাডেমীর দিকে যাই। যাওয়ার পরে আমি বললাম, ‘আমাকে একটা উইকেট দেন, আমি একটু অনুশীলন করব।’ তারা বলল, ‘ভাই অনুমতি নাই।’ আমি বললাম, ‘অনুমতি নাই, এটা তো কোনোদিন হয়নি।’
‘তারপর বলল, ‘ওপরের লেভেল থেকে বলা আছে, আপনাকে এখানে অনুশীলনের পারমিশন দেওয়া নাই।’ তখন আমি মাথা নিচু করে চলে এসেছিলাম। এটা আমি কাউকে বলিনি, এমনকি আমার পরিবারও জানে না।’
তিনি বলেন, দুটা সিরিজ– আয়ারল্যান্ড সফর, আবার আয়ারল্যান্ডের সঙ্গে হোম সিরিজ ছিল। আমি তামিমকে অনুরোধ করলাম টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে। যেহেতু নির্বাচকরা আমার সঙ্গে কথা বলতে চায় না, কোচও কথা বলতে চায় না। আগেই বললাম যেহেতু তামিমের সঙ্গে আমার ভালো সম্পর্ক। ওই বছর আমার হজ করারও ইচ্ছে ছিল। আলহামদুলিল্লাহ হজও করতে পেরেছি।
‘হজের সময়টা ছিল আফগানিস্তান সিরিজ, জুনে। ওই সময় আমার হজের সময় ছিল। আমি বললাম তাহলে আমি একটা সিরিজ খেলি আর আফগানিস্তান সিরিজটা আমি বিশ্রাম নিই। একটা সিরিজ বিশ্রাম নিই, নতুন খেলোয়াড় দেখতে চাইলে দেখো। আমি এটাকে ইতিবাচকভাবে নিয়েছি। ভেতরে ভেতরে বুঝতে পারছিলাম কিছু একটা হচ্ছে।’
রিয়াদ আরও বলেন, দলের ক্ষেত্রে কোনো কিছুতে আমি না বলি না। বছরের পর বছর ব্যাটিং পজিশনে আমি যে পরিমাণ সেক্রিফাইস করেছি এটা আর কেউই করেনি।
আরটিভি/এসআর




