images

খেলা / ক্রিকেট

বিতর্কিত রান আউটে মিরাজ-সালমানের দোষ দেখছেন না মুশতাক

শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ১১:১১ এএম

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের জয় ছাপিয়ে আলোচনায় সালমান আগার সেই বিতর্কিত রান আউট। বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তার মতে, পুরো ঘটনাটিতে মেহেদী হাসান মিরাজ বা সালমান কাউকেই দোষারোপ করার সুযোগ নেই।

ম্যাচের ৩৯তম ওভারে ঘটে এ ঘটনা। নিজের দশম ওভারের চতুর্থ বলটি খেলেন মোহাম্মদ রিজওয়ান। বলটি ধীরে মিরাজের দিকে ফিরছিল। এ সময় নন-স্ট্রাইক প্রান্ত থেকে এগিয়ে আসা সালমান আগা বলটি তুলে মিরাজকে দিতে চেয়েছিলেন।

কিন্তু মিরাজ দ্রুত বল কুড়িয়ে স্টাম্প ভেঙে দেন। তখন ক্রিজের বাইরে থাকায় তৃতীয় আম্পায়ার সালমানকে রান আউট ঘোষণা করেন। সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে মাঠ ছাড়েন পাকিস্তান অধিনায়ক।

আরও পড়ুন
LITy

মিরাজের পারফরম্যান্স নিয়ে যা বললেন মুশতাক

ঘটনাটি নিয়ে কথা বলতে গিয়ে মুশতাক বলেন, ‘এটা খুব দ্রুত হয়ে গেছে আসলে। আমরাও বুঝতে পারছিলাম না যে কী হয়ে গেল।’

সালমানের আচরণকে সরলতার উদাহরণ হিসেবেও দেখেন তিনি। তার ভাষ্য, আমার মনে হয়, মিরাজ ভেবেছে সালমান ক্রিজের বাইরে আছে আর সে বল আটকানোর চেষ্টা করছিল। মিরাজের পায়ের দিকেই বল আসছিল। তখন আবার সালমান ভাবছিল মিরাজকে সহায়তা করবে, বল তুলে মিরাজকে দেবে।

তিনি বলেন, আমার মনে হয়, এটা স্বাভাবিক এক ঘটনা– বল তুলে রান আউটের চেষ্টা করা। কারণ সালমান তো ক্রিজের বাইরে ছিল। কেউই আসলে ভুল ছিল না। সালমান তাকে সহায়তা করতে চেয়েছে আর মিরাজ ম্যাচে ডুবে থেকে রান আউট আদায় করে নিতে চেয়েছিল।

মিরাজের সিদ্ধান্তকে সমর্থন করে এই কোচ আরও বলেন, বল তখনো খেলায় ছিল। আগা ক্রিজের বাইরে ছিল। যখন আপনি বল তুলে নেবেন, রান আউটের চেষ্টা তো করবেনই। সালমান ক্রিজের অনেক বাইরে ছিল। সে আবার ভাবছিল বল ডেড। সে হয়ত দেখেনি যে, সে ক্রিজের এত বাইরে। বল মিরাজের পায়ে লেগেছে। মিরাজও নিশ্চিত ছিল না কি করছে, সে খেলায় মগ্ন ছিল। সত্যি বলতে মিরাজ কোনো ভুল করেনি। অবশ্যই মিরাজের যেটা করা উচিত ছিল, সেটাই করেছে।

আরটিভি/এসআর