সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ১১:৩৪ এএম
মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে ২৭ মার্চ কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা ম্যাচটি বাতিল হয়ে গেছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আজ এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে। এর প্রভাব ফিনালিসিমা আয়োজনেও পড়েছে।
উয়েফা ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল, রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু বিকল্প হিসেবে নাম ওঠে। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) স্পেনের মাটিতে স্পেনের বিপক্ষে খেলতে অস্বীকার করেছে এবং শুধুমাত্র নিরপেক্ষ ভেন্যুতেই খেলার আগ্রহ প্রকাশ করেছিল।
উয়েফা জানায়, কাতারের আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনা হয়েছে। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কাতারে ফিনালিসিমা আয়োজন সম্ভব হচ্ছে না। অন্যান্য বিকল্পও খতিয়ে দেখা হয়েছে, কিন্তু কোনো প্রস্তাবই এএফএর কাছে গ্রহণযোগ্য হয়নি।
গত বছরের ১৮ ডিসেম্বর উয়েফা ঘোষণা করেছিল, ২০২৬ সালের ২৭ মার্চ লুসাইল স্টেডিয়ামে হবে ফিনালিসিমা। এই স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপে শিরোপা জিতেছিলেন লিওনেল মেসি। ফুটবলপ্রেমীরা লামিনে ইয়ামাল ও মেসির লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কিন্তু যুদ্ধের কারণে তাদের আকাঙ্ক্ষা পূরণ হলো না।
আরটিভি/এসকে