images

খেলা / ক্রিকেট

পিএসএলে দল পেলেন শরিফুল

সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ০৫:৪৬ পিএম

পাকিস্তান সিরিজটা বেঞ্চে বসে কাটাতে হয়েছে পেসার শরিফুল ইসলামকে। একাদশে সুযোগ না পেলেও পিএসএল থেকে সুখবর পেয়েছেন এই টাইগার পেসার। টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে বাংলাদেশি পেসারকে দলে ভিড়িয়েছে পেশাওয়ার জালমি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে বল হাতে আলো ছড়িয়েছেন শরিফুল। চট্টগ্রাম রয়্যালসের হয়ে শিরোপা জিততে না পারলেও দলকে ফাইনালে তোলার পেছনে যাদের অবদান আছে তাদের অন্যতম একজন বাঁ-হাতি এই পেসার। গতি, সুইং এবং বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ১২ ইনিংসে ৫.৮৪ ইকনোমি রেটে নিয়েছেন ২৬ উইকেট।

এ ছাড়া বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার মালিকও এখন শরিফুল। পেশাওয়ারের হয়ে পিএসএলে খেলবেন নাহিদ রানাও। গতিময় ডানহাতি পেসার অবশ্য নিলাম থেকেই দল পেয়েছেন। গত মৌসুমেও পেশাওয়ারের হয়ে খেলেছেন তিনি। 

আরও পড়ুন
copy

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

যদিও দলের সমন্বয়ের কারণে ম্যাচ পাওয়া হয়নি নাহিদের। তবে পাকিস্তান সিরিজের পারফরম্যান্সে পিএসএলের আগামী মৌসুমে বল হাতে আলো ছড়াতে দেখা যেতে পারে তাকে।

নাহিদ ও শরিফুল ছাড়াও পিএসএলের আগামী মৌসুমে খেলবেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। নিলামের আগেই ৬ কোটি ৪৪ লাখ রুপিতে সরাসরি চুক্তিতে কাটার মাস্টারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। 

একই দলের হয়ে খেলবেন পারভেজ ইমন। নিলাম থেকে তাকে নিতে খরচ ৬০ লাখ রুপি। এ ছাড়া ৩ কোটি রুপিতে পিন্ডিজের হয়ে খেলবেন রিশাদ।

আরটিভি/এসআর