images

খেলা / ক্রিকেট

নিজের সেরাটা দিতে মদ্যপান ছাড়লেন ভারতীয় স্পিনার

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০১:৪৪ পিএম

ক্যারিয়ারের পড়ন্ত সময়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে বড় সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। ভারতের এই অভিজ্ঞ লেগ স্পিনার জানিয়েছেন, গত ছয় মাসেরও বেশি সময় ধরে তিনি অ্যালকোহল থেকে দূরে আছেন, যাতে মাঠে আরও ফিট ও কার্যকর থাকতে পারেন।

৩৫ বছর বয়সি চাহাল একসময় ভারতের সীমিত ওভারের দলের নিয়মিত মুখ ছিলেন। দেশের হয়ে ৭২টি ওয়ানডে ও ৮০টি টি-টোয়েন্টি খেললেও ২০২৩ সালের আগস্টের পর জাতীয় দলে আর সুযোগ পাননি। 

টি-টোয়েন্টিতে ভারতের হয়ে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার দোরগোড়ায় থাকলেও তিনি থেমে যান ৯৬ উইকেটে। পরে সেই মাইলফলক স্পর্শ করেন অর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া।

তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও দাপট দেখাচ্ছেন চাহাল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার উইকেট সংখ্যা ২২১, যা এখনো সর্বোচ্চ। গত মৌসুমে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলতে ১৬ উইকেট নিলেও তার ইকোনমি ছিল তুলনামূলক বেশি। 

ব্যক্তিগত জীবনেও নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে, বিশেষ করে স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর।

আসন্ন আইপিএলকে সামনে রেখে চাহাল বলেন, এই বছর আমার মন আমাকে বলেছে, সবকিছুর আগে নিজের শরীরের যত্ন নিতে হবে। একটা সুখবর আছে আমি মদ্যপান ছেড়ে দিয়েছি, ছয় মাসেরও বেশি সময় হয়ে গেছে।

আরও পড়ুন
ARGENTINA

চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা

তিনি আরও যোগ করেন, আমার বয়স এখন ৩৫। আমি আরও সক্রিয় হতে চাই এবং দলের জন্য নিজের দেড়শ ভাগ দিতে চাই। একজন সিনিয়র বোলার হিসেবে চাই, আমাকে দেখে তরুণরা কিছু শিখুক।

আগামী ২৮ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের নতুন মৌসুমে ৩১ মার্চ গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে নামবে তার দল।

আরটিভি/এসকে