images

খেলা / ক্রিকেট

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০২:০১ পিএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে আসছে বড় পরিবর্তন। চলতি মাসেই শেষ হচ্ছে বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দায়িত্বকাল। পাকিস্তান সিরিজ জয়ের পর ইতোমধ্যেই তিনি ক্রিকেটারদের কাছ থেকেও বিদায় নিয়েছেন।

লিপুর মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে গত ৮ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়, যেখানে মোট ১৬ জন সাবেক ক্রিকেটার এই পদের জন্য আবেদন করেন। পরবর্তীতে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত করা হয় নতুন নির্বাচক প্যানেল।

বিসিবি প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে। এর আগে তিনি সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন, ফলে নির্বাচক প্যানেলে তার অভিজ্ঞতা রয়েছে।

সহকারী নির্বাচক পদের জন্য তুষার ইমরান ও নাঈম ইসলাম এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত নাঈম ইসলামকেই চূড়ান্ত করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি।

নির্বাচক প্যানেল গঠনের প্রক্রিয়ায় বিসিবির চার পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক সরাসরি যুক্ত ছিলেন।

আরও পড়ুন
jusvendra-chahal

নিজের সেরাটা দিতে মদ্যপান ছাড়লেন ভারতীয় স্পিনার

জানা গেছে, প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ লাখ টাকা। অন্যদিকে সহকারী নির্বাচক হিসেবে নাঈম ইসলামের বেতন হতে পারে প্রায় ৩ লাখ টাকা। একই বেতন পেতে পারেন বর্তমানে দায়িত্বে থাকা সহকারী নির্বাচক হাসিবুল হোসেন শান্তও। 

এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। নতুন নির্বাচক প্যানেলের হাত ধরে জাতীয় দলের ভবিষ্যৎ দল গঠনে নতুন দিক নির্দেশনা আসবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এসকে