images

খেলা / ক্রিকেট

বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহীর চমক, ক্রিকেটারদের আইফোন উপহার

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০৬:৩৬ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হয়েছে প্রায় দেড় মাস আগে। তবে টুর্নামেন্ট শেষ হলেও নানা বিতর্ক এখনো পুরোপুরি থামেনি। বিশেষ করে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দলের খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। যদিও চলতি মাসে ঢাকা ক্যাপিটালস ছাড়া প্রায় সব দলই তাদের খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করেছে।

এরই মধ্যে চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্স দিয়েছে এক বিশেষ চমক। দলটির দেশি ক্রিকেটারদের প্রত্যেককে উপহার হিসেবে দেওয়া হয়েছে সর্বাধুনিক আইফোন ১৭ প্রো ম্যাক্স। গতকাল দলের ১৫ জন ক্রিকেটার এবং ১০ জন কোচিং স্টাফ এই উপহার গ্রহণ করেন।

দলটির মালিক জানিয়েছেন, খেলোয়াড়দের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পেরে তারা আনন্দিত। ক্রিকেটার জিসান আলম, রিপন মণ্ডল ও ওয়াসি সিদ্দিকিসহ অন্যরা হাসিমুখেই এই উপহার গ্রহণ করেছেন। ঈদের আগে এমন উপহার তাদের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশা করা হচ্ছে।

প্রাইজমানির দিক থেকেও সফল ছিল রাজশাহী। চ্যাম্পিয়ন হিসেবে দলটি পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। অন্যদিকে রানার্স-আপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।

আরও পড়ুন
uefa-champions

শেষ আটে অগ্নিপরীক্ষা, কে কার মুখোমুখি

তবে সব দলের পরিস্থিতি এখনো সমান নয়। ঢাকা ক্যাপিটালস-এর খেলোয়াড়রা এখনো পুরো পারিশ্রমিক পাননি, কবে পাবেন তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ফলে বিপিএল শেষ হলেও মাঠের বাইরের আলোচনা এখনো থামেনি।

আরটিভি/এসকে