বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ০৯:০৫ পিএম
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল মিশরের। তবে এই ম্যাচটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মিশর ফুটবল এসোসিয়েশন ও জাতীয় দলের ঘনিষ্ঠ সূত্র।
পূর্ব নির্ধারিত সূচি অনুসারে, ম্যাচটি ৩১ মার্চ কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাথে ইরানের চলমান সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে এর প্রভাব পড়েছে। যার ফলে বিশ্বের ব্যস্ততম ট্রানজিট কেন্দ্রগুলোতে যাতায়াত বিঘ্নিত হয়েছে এবং নিরাপত্তা উদ্বেগে বেশ কিছু ক্রীড়া আয়োজন বাতিল করতে হয়েছে।
মিশরের গণমাধ্যমে জানানো হয়েছিল, ম্যাচটি স্পেনে সরিয়ে নেওয়া হতে পারে। তবে আয়োজকদের অস্বস্তির কারণে স্পেনে ম্যাচটি আয়োজন সম্ভব না।
এদিকে আরেকটি সূত্রটি জানায়, মিশরের কিছু খেলোয়াড়ের স্পেন বা ইউরোপে প্রবেশের ভিসা ছিল না, এবং আসন্ন ছুটির কারণে নতুন করে আবেদন করার সময়ও ছিল না। দুই দেশের ফুটবল ফেডারেশন অন্যান্য বিষয়েও সমঝোতায় পৌঁছাতে পারেনি। আগে কাতার সব খরচ বহন করার জন্য প্রস্তুত ছির, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন।
সূত্রটি জানিয়েছে, মিশর এখন ২৭ মার্চ কাতারে নয় জেদ্দায় সৌদি আরবের মুখোমুখি হবে। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন একই দিনে সার্বিয়ার বিপক্ষে খেলবে। দোহার লুসাইল স্টেডিয়ামে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ফিনালিসিমা বাতিল হওয়ায় স্পেন নতুন করে অন্য একটি দলের সাথে খেলার প্রস্তাব গ্রহণ করে।
সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়ন মিশর এ বছরের বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরানের বিপক্ষে খেলবে। অন্যদিকে স্পেন গ্রুপ ‘এইচ’-এ কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ের মুখোমুখি হবে স্পেন।
আরটিভি/এসআর