images

খেলা / ফুটবল

এক ছবির কারণেই জাতীয় দল থেকে বাদ পড়লেন ইরানের তারকা ফুটবলার

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ০৫:১৪ পিএম

ইরান জাতীয় ফুটবল দলের অন্যতম তারকা স্ট্রাইকার সারদার আজমুন একটি ছবির কারণে দল থেকে বহিষ্কৃত হয়েছেন বলে জানা গেছে। চলতি সপ্তাহে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম-এর সঙ্গে সাক্ষাতের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। আর সেই ছবিকেই কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে এই সাক্ষাৎ ও ছবি প্রকাশকে ‘অনুপযুক্ত’ হিসেবে দেখছে ইরান সরকার। অভিযোগ উঠেছে, রাষ্ট্রীয় অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করায় আজমুনকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে।

এদিকে, সামনে রয়েছে ফিফা বিশ্বকাপ, যা আগামী ১১ জুন শুরু হওয়ার কথা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে ইরানের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিশ্বকাপ বয়কট করবে না, বরং যুক্তরাষ্ট্রকে বয়কটের অবস্থানে রয়েছে।

২০১৪ সালে মাত্র ১৯ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয় আজমুনের। এখন পর্যন্ত ইরানের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করে তিনি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ক্লাব ক্যারিয়ারে জার্মানির বায়ার লেভারকুজেন, রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ ও ইতালির এএস রোমার মতো ক্লাবে খেলেছেন তিনি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলিতে খেলছেন।

উল্লেখ্য, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, আজমুনকে আনুষ্ঠানিকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও তিনি পরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিতর্কিত ছবিটি মুছে ফেলেন, তবুও তা তাকে সমালোচনা থেকে রক্ষা করতে পারেনি।

আরও পড়ুন
FIFA

অবশেষে ফিফা থেকে শাস্তি পেলো ইসরায়েল

রাষ্ট্রীয় টেলিভিশনে বিশ্লেষকরা তার আচরণকে ‘আনুগত্যহীনতা’ বলে আখ্যা দিয়েছেন। জাতীয় দলের জার্সির মর্যাদা রক্ষার প্রশ্ন তুলে তারা কঠোর অবস্থান নেওয়ার পক্ষে মত দিয়েছেন। ৩১ বছর বয়সী এই ফুটবলারের অনুপস্থিতি বিশ্বকাপের মতো বড় আসরের আগে ইরান দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/এসকে