শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ০৯:৩৫ পিএম
আগামী ২৮ মার্চ পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কার মুখে পড়েছে বেশ কয়েকটি দল। একদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে আকাশপথে যাতায়াতের জটিলতা, অন্যদিকে একের পর এক বিদেশি তারকার ইনজুরি সব মিলিয়ে দলগুলোকে নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে।
বিশেষ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতি দলগুলোর ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে।
অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স পিঠের চোটে ভুগছেন দীর্ঘদিন। ফলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শুরুর ম্যাচগুলোতে তাকে পাওয়া যাচ্ছে না। তার অনুপস্থিতিতে নেতৃত্বভার সাময়িকভাবে অন্যের হাতে যাচ্ছে। যদিও পরবর্তীতে তার দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
একই দলের আরেক পেসার জশ হ্যাজলউড ও ইনজুরির কারণে শুরুর অংশ মিস করতে পারেন। হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস সমস্যায় এখনও পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি।
অন্যদিকে মিচেল স্টার্ক সরাসরি ইনজুরিতে না থাকলেও অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে দিল্লি ক্যাপিটালস তার ফিটনেস নিয়ে কিছুটা অনিশ্চয়তায় রয়েছে।
চেন্নাই সুপার কিংসের জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে নাথান এলিসের ছিটকে যাওয়া। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পুরো আসর থেকেই বাইরে থাকছেন এই পেসার, যা দলটির বোলিং আক্রমণে বড় ধাক্কা।
ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানও গ্রোয়িন ইনজুরির কারণে পুরো মৌসুম মিস করতে পারেন। রাজস্থান রয়্যালসের হয়ে তার অভিষেক অনিশ্চিত হয়ে পড়ায় দলের ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠছে।
এছাড়া অস্ট্রেলিয়ার আনক্যাপড পেসার জ্যাক এডওয়ার্ডস পায়ের চোটে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। ফলে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং আক্রমণ আরও দুর্বল হয়ে পড়েছে।
পাঞ্জাব কিংসের কিউই পেসার লকি ফার্গুসন ব্যক্তিগত কারণে শুরুর ম্যাচগুলোতে থাকছেন না। সম্প্রতি বাবা হওয়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি, তবে টুর্নামেন্টের শেষদিকে দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে, এবারের আইপিএল শুরুর আগেই ইনজুরি ও অনুপস্থিতির ধাক্কায় বেশ কয়েকটি দলকে নতুন করে কৌশল সাজাতে হচ্ছে। তবুও ভক্তদের প্রত্যাশা সব বাধা পেরিয়ে জমজমাট লড়াই উপহার দেবে ক্রিকেটের এই মহাযজ্ঞ।
আরটিভি/এসকে