শনিবার, ২১ মার্চ ২০২৬ , ০৮:১৩ পিএম
এএফসি নারী এশিয়ান কাপের ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে শিরোপা নিজেদের ঘরে তুলে নিয়েছে জাপান। রোমাঞ্চকর ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরে জাপানের মেয়েরা।
স্বপ্নের এই ফাইনাল দেখতে গ্যালারিতে প্রায় ৮০ হাজার অজি সমর্থক হাজির হয়েছিল। ঘরের মাঠের সমর্থনকে পুঁজি করে শিরোপা নিজেদের করে রাখার প্রত্যয় ছিল স্বাগতিকদের। তবে তাদের সেই উৎসবের আমেজকে বিষাদে পরিণত করে জয় ছিনিয়ে নেয় জাপান।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ পালটা আক্রমণে ব্যস্ত থাকলেও ভাগ্য নির্ধারণ হয়ে যায় প্রথমার্ধেই। ম্যাচের ১৭তম মিনিটে জাপানের উদীয়মান তারকা মাইকা হামানো বক্সের বাম প্রান্ত থেকে দুর্দান্ত কোণাকুণি শটে বল জালে জড়ান। অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাকেঞ্জি আর্নল্ড ঝাঁপিয়েও সেই শট ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত এই একমাত্র গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
গোল হজমের পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। দলের অন্যতম সেরা তারকা স্যাম কের একাধিক সুযোগ পেলেও জাপানের রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হন। ম্যাচের শেষ দিকে এমিলি ভ্যান এগমন্ড-এর একটি জোরাল শট জাপানি ডিফেন্ডাররা ব্লক করলে সমতায় ফেরার শেষ সুযোগটিও হাতছাড়া হয় স্বাগতিকদের।
পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত রক্ষণভাগের প্রদর্শন করে জাপান। দলনেতা সাকি কুমাগাইর নেতৃত্বে ডিফেন্স ছিল অটুট। পাশাপাশি গোলরক্ষক আয়াকা ইয়ামাশিতাও গোলপোস্টের নিচে ছিলেন অনবদ্য।
এ নিয়ে তৃতীয়বার এশিয়ান কাপের ফাইনালে জাপানের কাছে হারল অস্ট্রেলিয়া। এর আগে, ২০১৪ ও ২০১৮ সালেও জাপানের কাছে হেরে রানার্সআপ হতে হয়েছিল তাদের।
আরটিভি/এসকে