পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের হাসি ফুটিয়েছে বাংলাদেশ। পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপনের এই দিনে দেশের ক্রীড়াবিদরা ছড়িয়ে দিয়েছেন গৌরবের বার্তা। একদিকে বাংলাদেশের ফুটবলাররা বিভিন্ন দেশে ব্যস্ত সময় পার করছেন, অন্যদিকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে জুডোতে দারুণ সাফল্য অর্জন করেছেন তরুণ খেলোয়াড়রা।
নেপাল জুডো ফেডারেশনের আমন্ত্রণে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ৬ জন জুডোকা। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে তিনটি ইভেন্টে অংশ নিয়ে বাংলাদেশ অর্জন করেছে দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক।
কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট সেন্টারে অনুষ্ঠিত ‘অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপ’-এ মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট ৫৩+ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন আজিজা আলেয়া লিয়ন। একই দিনে বালক ক্যাডেট ৬২+ কেজি বিভাগে স্বর্ণ জিতেছেন উসাচিং মারমা বিজয়। এছাড়া দিনের শেষ ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন রেমি হাসি।
পদক জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপির সাবেক শিক্ষার্থী ও ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ।
নেপাল ক্রীড়া ফেডারেশনের অধীন জাতীয় জুডো সংস্থার আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপাল ছাড়াও বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় বাংলাদেশের আরও দুই খেলোয়াড় আগামীকাল পদকের লড়াইয়ে অংশ নেবেন।
ঈদের দিনে এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরটিভি/এসকে



