রোববার, ২২ মার্চ ২০২৬ , ০৩:৩৯ পিএম
চলতি বছরের শুরুতেই হান্নান সরকারের কোচিংয়ে ভর করে বিপিএলের শিরোপা জিতেছিল রাজশাহী ওয়ারিয়ার্স। ঘরোয়া ক্রিকেটেও কোচিংয়ে নজর কেঁড়েছেন তিনি। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ হতে চান হান্নান সরকার।
সম্প্রতি দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি।
হান্নান সরকার বলেন, আমি অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হতে চেয়েছি। বিসিবিকে ও গেম ডেভেলপমেন্টকে জানিয়েছি। এ ছাড়া চেয়ারম্যান আসিফ (আকবর) ভাইকেও জানিয়েছি, সহ-সভাপতি ফারুক ভাইকে জানিয়েছি। তারা এখনও চিন্তা করতেছে, কিছু জানায়নি আমাকে।
মূলত, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স না করায় প্রধান কোচ নাভিদ নেওয়াজের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। গুঞ্জন রয়েছে, তাকে সরিয়ে নতুন কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। আর এই সুযোগটাই কাজে লাগাতে চান হান্নান সরকার।
নিজের পরিকল্পনা নিয়ে বিপিএলজয়ী এই কোচ বলেন, যদি বিসিবির অন্য বিদেশি কোচ পছন্দ থাকে, তাদের যখন ইন্টারভিউ নেবে আমাকেও নিতে পারে। তখন বিসিবি জানতে পারবে এই দলটা নিয়ে আমার পরিকল্পনার কথা।
তিনি আরও বলেন, আমি অনেক বছর ধরে যুক্ত ছিলাম এই অনূর্ধ্ব-১৯ দলের সিলেক্টর হিসেবে। আমি আসলে চাচ্ছি যুবাদের প্রধান কোচ হতে। এটা আমি খুব ভালোভাবে জানিয়েছি বিসিবিকে।
আরটিভি/এসআর