রোববার, ২২ মার্চ ২০২৬ , ০৮:২৬ পিএম
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর অনুষ্ঠিত হবে দর্শকবিহীন স্টেডিয়ামে। চলমান পশ্চিম এশিয়ার সংঘাত ও তেল সংকটের প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিদ্ধান্ত নিয়েছে। এবারের টুর্নামেন্টের সব ম্যাচ মূলত লাহোর ও করাচিতে সীমাবদ্ধ থাকবে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী বলেছেন, নিরাপত্তা এবং বর্তমান সংকটের কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি খেলা হবে, তবে দর্শক ছাড়া। উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, পরিস্থিতি স্থিতিশীল হলে পরবর্তী পর্যায়ে দর্শক উপস্থিতি সম্ভব হতে পারে। তিনি বলেন, সম্ভবত ১০ থেকে ১৫ দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। তবে আপাতত দর্শকবিহীন খেলার সিদ্ধান্ত চূড়ান্ত।
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্বব্যাপী তেলের সংকট তৈরি হয়েছে, যা পাকিস্তানেও প্রভাব ফেলেছে। নাকভী বলেন, প্রধানমন্ত্রী পুরো দেশকে সীমিত চলাচলের জন্য অনুরোধ করেছেন। স্কুল বন্ধ রাখা হয়েছে, বাড়িতে কাজের ব্যবস্থা করা হয়েছে। এই পরিস্থিতিতে স্টেডিয়ামে দর্শক আনা সম্ভব নয়।
প্রতিদিন প্রায় ৩০,০০০ দর্শক থাকলে তা দেশের তেল সরবরাহ ও জনসচেতনতার সঙ্গে সাংঘর্ষিক হতো। তাই এবারের সব ম্যাচ খালি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
নাকভী আশ্বাস দিয়েছেন, খালি স্টেডিয়ামের কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হলে পিসিবি তা পূরণ করবে। ইতিমধ্যেই যারা টিকিট কিনেছেন, তাদের পুরো টাকা ফেরত দেওয়া হবে।
মূলত ছয়টি শহরে খেলার পরিকল্পনা ছিল, তবে এবারে পেশোয়ার, মুলতান ও অন্যান্য শহরের ম্যাচ বাতিল হয়েছে।
নাকভী বলেন, দর্শক থাকছে না, তাই সেই শহরগুলোতে যাওয়ার প্রয়োজন নেই। আমরা আশা করি আগামী বছরে আরও শহরে খেলা অনুষ্ঠিত হবে।
আরটিভি/এসকে