রোববার, ২২ মার্চ ২০২৬ , ০৯:২৫ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব নিতে পারেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু।
বিসিবি সবশেষ নির্বাচনের পর গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান ইসতিয়াক সাদেক। পরে তিনি পদত্যাগ করলে এই দায়িত্বে আসিফ আকবর দায়িত্বগ্রহণ করেন। গেম ডেভেলপমেন্ট কমিটির হেড অব অপারেশন্স হিসেবে রয়েছেন হাবিবুল বাশার সুমন। হাবিবুল বাশার নতুন করে প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ায় বোর্ডে আরও কিছু রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে।
বর্তমানে সাবেক এই অধিনায়ক প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন, যার আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই আসার সম্ভাবনা রয়েছে। এরপর গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যাবে। গুঞ্জন রয়েছে, সেই পদে নান্নুকে দেখা যেতে পারে। বর্তমানে নান্নু বিসিবির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
নান্নু বলেন, বিসিবি থেকে এখনও কিছু জানতে পারিনি। যদি প্রস্তাব আসে, অবশ্যই ভেবে দেখব। এখানে কাজ করার সুযোগ রয়েছে। আশা করি দ্রুত এ বিষয়ে জানার সুযোগ পাব।
উল্লেখ্য, নান্নু ও বাশার দুজনই ২০২৪ সালের শুরুতে নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন, তবে পরে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তখন গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক হন। বাশার পরবর্তীতে নারী বিভাগের দায়িত্ব নেন এবং পরে গেম ডেভেলপমেন্টে যোগ দেন। এবার প্রধান নির্বাচক হিসেবে তিনি ফেরছেন খেলোয়াড় বাছাই প্যানেলে।
আরটিভি/এসকে