মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ০১:০৯ পিএম
স্প্যানিশ লা লিগার ক্লাব সেভিয়া তাদের আর্জেন্টাইন কোচ মাতিয়াস আলমেইদাকে বরখাস্ত করেছে। সোমবার (২৩ মার্চ) ক্লাবটি আনুষ্ঠানিকভাবে আলমেইদার সঙ্গে চুক্তি শেষের ঘোষণা দেয়।
ক্লাব সূত্র জানায়, সর্বশেষ ভালেন্সিয়ার বিপক্ষে হারের একদিন পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ হারের সঙ্গে যুক্ত হয়েছে সেভিয়ার মৌসুমের ২৯ ম্যাচের মধ্যে ১৪টি হারের খারাপ রেকর্ড। বর্তমানে তারা ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৫তম স্থানে, যা অবনমন অঞ্চল থেকে মাত্র তিন পয়েন্ট দূরে।
গত জুনে দায়িত্ব নেওয়া আলমেইদা শুরু করেছিলেন মিশ্র ফলাফলের সঙ্গে। প্রথম দুই ম্যাচে টানা হারের পর পরবর্তী ছয় ম্যাচে চারটি জয় এনে কিছু স্বস্তি ফিরলেও, সাম্প্রতিক দুই লিগ হারের পর ক্লাব কর্তৃপক্ষের ধৈর্যের বাঁধ ভেঙে।
কেবল খারাপ ফলাফলের জন্য নয়, আলমেইদা ম্যাচ অফিসিয়ালের সঙ্গে আপত্তিকর আচরণ করায় শাস্তিও পেয়েছেন। তার সাত ম্যাচের নিষেধাজ্ঞা দলীয় মনোবল ও কৌশলগত ধারাবাহিকতাকে প্রভাবিত করেছে।
সেভিয়া এখন নতুন কোচের অধীনে মৌসুম শেষের দিকে অবনমন থেকে বাঁচার লড়াইয়ে নেমেছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কোচ নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে এবং শীঘ্রই নাম ঘোষণা করা হবে।
আরটিভি/এসকে