images

খেলা / ফুটবল

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ২০০০ হোটেলকক্ষ বুকিং বাতিল করল ফিফা, কারণ নিয়ে ধোঁয়াশা

বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ০১:৫৩ পিএম

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরকে সামনে রেখে আয়োজক দেশগুলোতে আগেভাগেই হোটেল, অনুশীলন কেন্দ্র ও বিভিন্ন ভেন্যু সংরক্ষণ করে রেখেছে ফিফা। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে সংরক্ষিত প্রায় ১০ হাজার হোটেলকক্ষের মধ্যে ২ হাজার কক্ষ বাতিল করেছে সংস্থাটি। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফিফা।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি৬ কে দেওয়া সাক্ষাৎকারে ফিলাডেলফিয়া হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি এড গ্রোস জানিয়েছেন, চারটি শহরের কেন্দ্রীয় হোটেল থেকে উল্লেখযোগ্য সংখ্যক সংরক্ষিত কক্ষ বাতিল করা হয়েছে। তবে এর পেছনের কারণ সম্পর্কে ফিফা কোনো ব্যাখ্যা দেয়নি।

তিনি বলেন, চুক্তির শর্ত অনুযায়ীই এসব বুকিং বাতিল করা হয়েছে এবং এজন্য ফিফাকে কোনো জরিমানা গুনতে হচ্ছে না। এ বিষয়ে মন্তব্য জানতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট ফিফা ও ফিলাডেলফিয়া হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করলেও বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

এড গ্রোসের ভাষ্য অনুযায়ী, ফিলাডেলফিয়ার বাইরেও যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি আয়োজক শহরে ফিফার কক্ষ বাতিলের ঘটনা ঘটেছে। এতে বিশ্বকাপ ঘিরে হোটেল ভাড়া কতটা বাড়তে পারে, তা এখনো অনিশ্চিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফুটবলভক্তদের উদ্দেশে গ্রোস বলেন, বেশি সময় অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব কক্ষ বুক করাই ভালো।

তবে তিনি এটাও জানিয়েছেন যে, বাতিল হওয়া কক্ষগুলো আবারও সাধারণ দর্শক ও ভক্তদের জন্য উন্মুক্ত করা হবে। তার ভাষায়, বিশ্ব থেমে থাকবে না। বাতিল হওয়া রুমগুলো আবার ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এবং ফিলাডেলফিয়ায় আসা সমর্থকদের কাছে বিক্রি করা হবে।

একই সঙ্গে তিনি জানান, বিশ্বকাপ চলাকালে ফিলাডেলফিয়ায় একাধিক বড় সম্মেলনও রয়েছে। ফলে এসব কক্ষ পুনরায় ভাড়া দেওয়া খুব একটা কঠিন হবে না বলেই প্রত্যাশা তার।

শুধু যুক্তরাষ্ট্রেই নয়, মেক্সিকো সিটিতেও নিজেদের বুক করা হোটেল কক্ষের ৪০ শতাংশ বাতিল করেছে ফিফা এমন তথ্য প্রকাশ করেছে মেক্সিকোর সংবাদমাধ্যম এল ফাইনান্সিয়েরো।

প্রতিবেদন অনুযায়ী, মেক্সিকো সিটি হোটেল অ্যাসোসিয়েশনের জেনারেল ডিরেক্টর আলবার্তো আলবারান লেইভা জানিয়েছেন, গত মাসে বিশ্বকাপ উপলক্ষে বুক করা ২০০০ কক্ষের মধ্যে ৮০০ কক্ষ বাতিল করা হয়েছে।

তবে তিনি বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়েছেন। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফিফা মূলত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত কক্ষ বুক করেছিল। পরে যেগুলো প্রয়োজন নেই বলে মনে হয়েছে, সেগুলো বাতিল করা হয়েছে।

তার মতে, এর পেছনে অন্য কোনো বিশেষ কারণ বা সংকট নেই।

ফিফার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত এই মেগা ইভেন্টে সারা বিশ্ব থেকে ৫০ লাখ থেকে ৬৫ লাখ ফুটবলভক্তের উপস্থিতি আশা করা হচ্ছে।

আরও পড়ুন
ROMELU-LUKAKU

জাতীয় দল থেকে সরে দাড়াঁলেন রোমেলু লুকাকু

তাই বিশ্বকাপের মতো বিশাল আয়োজনে আগাম অতিরিক্ত হোটেলকক্ষ সংরক্ষণ এবং পরে চাহিদা অনুযায়ী তা সমন্বয় করা-এটিকে অনেকে স্বাভাবিক ব্যবস্থাপনাগত পদক্ষেপ হিসেবেই দেখছেন। তবে ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসায় কক্ষ বাতিলের প্রকৃত কারণ নিয়ে এখনো রয়ে গেছে কিছুটা ধোঁয়াশা।

আরটিভি/এসকে