images

খেলা / ফুটবল

‘শত্রু’ দেশে খেলতে দল পাঠাবে না ইরান

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ০৭:৩৮ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইরানের জন্য যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসন্ন ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতেই এবার শত্রু হিসেবে বিবেচিত দেশগুলোতে খেলাধুলার ইভেন্টে ক্রীড়া দল পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সৌদি আরবে ইরান ও আরব আমিরাতের দুটি ক্লাবের মধ্যকার ম্যাচের আগে এই সিদ্ধান্ত জানায় দেশটি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রায় এক মাস পর এই ঘোষণা এল।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘যেসব দেশ শত্রুভাবাপন্ন এবং ইরানি অ্যাথলেট ও কর্মকর্তাদের নিরাপত্তা দিতে সক্ষম নয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব দেশে জাতীয় দল বা ক্লাব দলের অংশগ্রহণ নিষিদ্ধ করা হলো।’

আরও পড়ুন
12

বিশ্বকাপে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা

এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ‘সৌদি আরবের মাঠে সংযুক্ত আরব আমিরাতের একটি ক্লাবের বিপক্ষে ইরানের ক্লাব ট্রাক্টর এফসির ম্যাচ’ সামনে রেখে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফুটবল ফেডারেশন ও সংশ্লিষ্ট ক্লাবগুলো এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) বিষয়টি অবহিত করতে বাধ্য থাকবে, যাতে ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়া যায়।’

এদিকে আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে এই নাটকীয় সিদ্ধান্ত নিল ইরান। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া ইরানের ম্যাচগুলো সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হওয়ার কথা। ‘জি’ গ্রুপ থেকে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর।

ইরানের পক্ষ থেকে বিশ্বকাপ ফুটবল নিয়ে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। মেক্সিকো সিটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে নির্ধারিত ইরানের তিনটি ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরের জন্য তারা ফিফার সঙ্গে আলোচনা চালাচ্ছেন। 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তার অজুহাতে ইরানকে বিশ্বকাপে অংশ নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তবে ইরানের এই ভেন্যু পরিবর্তনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। গত সপ্তাহে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের কোনো ম্যাচই অন্য কোথাও সরানো হবে না। বিশ্বকাপ তার পূর্বনির্ধারিত সূচি ও ভেন্যু অনুযায়ীই অনুষ্ঠিত হবে। ফিফার এই অনড় অবস্থানের পর ইরানের ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া এখন পুরোপুরি ঝুলে গেছে।

আরটিভি/এআর