images

খেলা / ক্রিকেট

অনুশীলনে মাথায় আঘাত, মাঠ ছাড়লেন নাঈম হাসান

রোববার, ২৯ মার্চ ২০২৬ , ০২:৪৪ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্পে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন বাংলাদেশ টেস্ট দলের স্পিনার নাঈম হাসান।

শুক্রবার (২৭ মার্চ) থেকে শুরু হওয়া এই ক্যাম্পের রোববার (২৯ মার্চ) সেশনে খেলোয়াড়দের নিয়ে ফিল্ডিং ড্রিল করাচ্ছিলেন কোচ জেমস প্যামেন্ট। এ সময় একটি ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত পান নাঈম। সঙ্গে সঙ্গেই তাকে পর্যবেক্ষণ করেন দলের ফিজিও এবং পরে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। 

প্রাথমিকভাবে আঘাতটি কিছুটা গুরুতর মনে হলেও পরে স্বস্তির খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ বিষয়ে বিসিবির ফিজিও দেবাশিষ চৌধুরী বলেন, সাধারণত মাথার চোটের ক্ষেত্রে আমরা ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখি। নাঈমকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ সময়ের মধ্যে কোনো জটিলতা দেখা দিলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। প্রাথমিকভাবে গুরুতর কিছু মনে হচ্ছে না।

চলমান এই স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিয়েছেন মোট ৩৭ জন ক্রিকেটার। নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতির পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখেও লাল বলের ক্রিকেটারদের ডাকা হয়েছে এই ক্যাম্পে। প্রাথমিক পর্যায়ে ব্যাটিং বা বোলিংয়ের চেয়ে খেলোয়াড়দের ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কড়া রোদে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্রিকেটাররা।

আরও পড়ুন
BULBUL

দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

অন্যদিকে, চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কারণে জাতীয় দলের ছয়জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার এখনো ক্যাম্পে যোগ দিতে পারেননি। তারা হলেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম।

পিএসএল মিশন শেষ করে তারা সরাসরি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

আরটিভি/এসকে