images

খেলা / ফুটবল

ক্রোয়েশিয়া ম্যাচের আগে ব্রাজিল শিবিরে চোটের শঙ্কা

রোববার, ২৯ মার্চ ২০২৬ , ০৩:১৯ পিএম

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে শেষ প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। তবে ম্যাচটির আগে চোট-শঙ্কা ঘিরে কিছুটা উদ্বেগে আছে সেলেসাও শিবির। বিশেষ করে রাফিনিয়ার ইনজুরি এবং ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে অনিশ্চয়তা নতুন করে ভাবাচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে।

আগামী ১ এপ্রিল ভোরে অরল্যান্ডোতে অনুষ্ঠিত হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ। তার আগে শনিবার অনুশীলনে নামে ব্রাজিল দল। তবে অনুশীলনে দেখা যায়নি দলের অন্যতম প্রধান আক্রমণভাগের তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, অনুশীলনের বদলে তাকে ওরল্যান্ডোর জিমে এবং পরে চিকিৎসা নিতে দেখা গেছে।

ফ্রান্সের বিপক্ষে আগের ম্যাচে ঊরুতে কিছুটা অস্বস্তি অনুভব করেছিলেন ভিনিসিয়ুস। যদিও শুক্রবারের মেডিকেল পরীক্ষায় বড় কোনো চোট ধরা পড়েনি। সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবেই তাকে মূল অনুশীলনের বাইরে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) বিষয়টিকে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর অংশ হিসেবে দেখছে এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

এদিকে, ভিনিসিয়ুসের শারীরিক অবস্থা নিয়ে নজর রাখছে তার ক্লাব রিয়াল মাদ্রিদও। কারণ আগামী ৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা।

অন্যদিকে, হ্যামস্ট্রিং চোটে প্রায় পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ফর্মে থাকা ফরোয়ার্ড রাফিনিয়া। ফলে ক্রোয়েশিয়ার বিপক্ষে তিনি খেলতে পারবেন না। তার অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

শুধু রাফিনিয়াই নন, চোটের কারণে আগামী ম্যাচে ব্রাজিলের একাদশে থাকছেন না ডিফেন্ডার ওয়েসলিও। তার জায়গায় শুরুর একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ দানিলোর।

এদিকে, ফ্রান্সের বিপক্ষে ম্যাচে কোমরে অস্বস্তির কারণে খেলেননি মার্কিনিয়োস। তবে ক্রোয়েশিয়া ম্যাচের আগে তিনি আবার অনুশীলনে ফিরেছেন। আগের ম্যাচের আগে তার কোমরে ব্যথার কথা জানিয়েছিল ক্লাব পিএসজি, যে কারণে ঝুঁকি নেয়নি ব্রাজিলও। ফলে এই ম্যাচ দিয়েই জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

গ্লোবো আরও জানিয়েছে, ক্রোয়েশিয়া ম্যাচের আগে অনুশীলনে দলকে আক্রমণভাগ ও রক্ষণভাগ এই দুই গ্রুপে ভাগ করে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

একটি গ্রুপে ছিলেন ব্রেমার, দানিলো, লিও পেরেইরা ও ডগলাস সান্তোস; তাদের সামনে ছিলেন ক্যাসেমিরো ও আন্দ্রে সান্তোস। অন্য গ্রুপে ছিলেন মার্কিনিয়োস, ইবানেজ, ভিটর রেইস ও কাইকি ব্রুনো; সামনে ছিলেন ফ্যাবিনিয়ো ও দানিলো সান্তোস।

আরও পড়ুন
BABAR-AZAM

বড় সুখবর পেলেন বাবর আজম

তবে এসব অনুশীলনভিত্তিক বিন্যাস শেষ পর্যন্ত মূল একাদশের ইঙ্গিত কি না, তা এখনই নিশ্চিত নয়। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে এই ম্যাচকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই দেখছে ব্রাজিল।

আরটিভি/এসকে