images

খেলা / ফুটবল

নেইমারের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন আনচেলত্তি!

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ০৫:০১ পিএম

আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে দল ঘোষণার আগেই দেশটির তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে ঘিরে তৈরি হয়েছে বড় আলোচনা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নাকি বিশ্বকাপের জন্য তার পরিকল্পনায় নেইমারকে রাখছেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, ইএসপিএনের বরাত দিয়ে আনচেলত্তি ইতোমধ্যেই ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। সাম্প্রতিক সময়ে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও জায়গা হয়নি নেইমারের। সেই সিদ্ধান্ত নিয়ে তখনই আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। 

জানা গেছে, আনচেলত্তি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলে ফিরতে হলে নেইমারকে শতভাগ ফিট থাকতে হবে। কিন্তু দীর্ঘদিনের ইনজুরি সমস্যা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

খবরে আরও বলা হয়েছে, ২৬ সদস্যের স্কোয়াডে ২৪ জনের জায়গা প্রায় নিশ্চিত। তবে সেই তালিকায় নেইমারের নাম নেই। বরং সাম্প্রতিক সময়ে যারা দলে ছিলেন, তাদের নিয়েই স্কোয়াড গঠনের পরিকল্পনা করছেন আনচেলত্তি। বাকি দুইটি জায়গার জন্য লড়াইয়ে রয়েছেন লুকাস পাকেতা, এনদ্রিক ও ইগর থিয়াগো।

আনচেলত্তির মূল লক্ষ্য হচ্ছে তরুণদের নিয়ে নতুনভাবে ব্রাজিল দল গড়ে তোলা। যেখানে একক তারকার ওপর নির্ভরতা কমিয়ে দলগত পারফরম্যান্সে বেশি জোর দেওয়া হবে।

নেইমারের বাদ পড়ার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে তার ইনজুরি ও ম্যাচ ফিটনেসের ঘাটতি। ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোট পাওয়ার পর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি তিনি।

২০২৫ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এলেও এখন পর্যন্ত মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন নেইমার। ফলে বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাকে দলে নেওয়া নিয়ে ব্রাজিল টিম ম্যানেজমেন্টের মধ্যে সতর্ক অবস্থান দেখা যাচ্ছে।

তবে নেইমারের সম্ভাব্য বাদ পড়া নিয়ে ইতোমধ্যেই বিস্ময় প্রকাশ করেছেন ফুটবল বিশ্বের অনেক বড় নাম। তাদের মধ্যে রয়েছেন জোসে মরিনহো, রোমারিও, রোনালদো নাজারিও ও কাফু। এমনকি বর্তমান ব্রাজিল দলের তারকা রদ্রিগো গোয়েস ও ভিনিসিয়ুস জুনিয়রও নেইমারকে স্কোয়াডে রাখার পক্ষে মত দিয়েছেন।

আরও পড়ুন
football-kick

বোতল হাতে আক্রমণ, কারাতে কিকে প্রতিহত করলেন রেফারি

সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ মে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পান কি না দেশটির অন্যতম সেরা এই তারকা ফুটবলার।

আরটিভি/এসকে