images

খেলা / ক্রিকেট

রফিকের নিয়োগসহ যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বুলবুল

রোববার, ০৫ এপ্রিল ২০২৬ , ১০:৩৪ এএম

সম্প্রতি ক্রিকেটারদের পারফরম্যান্স ছাপিয়ে ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে বোর্ড পরিচালকরা। ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবি পদত্যাগ করেছেন ৪ পরিচালক। এর মাঝেই বোর্ড সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চতুর্থ বোর্ড সভা। যেখানে জাতীয় দলের নেতৃত্ব, কোচিং স্টাফ এবং ক্রিকেট উন্নয়নের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার মূল সিদ্ধান্তগুলো নিচে তুলে ধরা হলো:

 

১. স্পিন বোলিং কোচ হিসেবে মোহাম্মদ রফিককে নিয়োগ

বাংলাদেশের কিংবদন্তি বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিককে জাতীয় দলের স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। দেশের প্রথম বোলার হিসেবে টেস্ট ও ওয়ানডে উভয় ফরম্যাটে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়া রফিকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন ও অভিজ্ঞ স্পিনারদের মানোন্নয়নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন
Lpy

একসঙ্গে বিসিবি থেকে পদত্যাগ করলেন ৪ পরিচালক 

 

২. জাতীয় দলের অধিনায়কত্ব নিশ্চিতকরণ

বোর্ড বিভিন্ন ফরম্যাটে জাতীয় দলের নেতৃত্ব চূড়ান্ত করেছে:

  • টি-টোয়েন্টি: ২০২৮ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে থাকছেন লিটন কুমার দাস। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাইফ হাসান।

  • ওয়ানডে: ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ অধিনায়ক এবং নাজমুল হোসেন শান্ত সহ-অধিনায়কের দায়িত্বে বহাল থাকবেন।

 

৩. খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের জন্য পেনশন স্কিম

বিসিবি’র ইতিহাসে অন্যতম বড় পদক্ষেপ হিসেবে খেলোয়াড় এবং ম্যাচ অফিশিয়ালদের জন্য পেনশন স্কিম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা দীর্ঘকাল বাংলাদেশ ক্রিকেটে সেবা দিয়েছেন, তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হয়েছে যারা দ্রুত এই পেনশনের রূপরেখা তৈরি করবে।

 

৪. ডিজিটাল বাংলাদেশ ক্রিকেট: দুটি নতুন অ্যাপ

ক্রিকেটের আধুনিকায়নে দুটি ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে:

  • BCB Player Data App: ঘরোয়া ক্রিকেটের সকল খেলোয়াড়ের বিস্তারিত পরিসংখ্যান ও তথ্য এতে সংরক্ষিত থাকবে।

  • BCB Cloud Server App: এই অ্যাপের মাধ্যমে কোচ, নির্বাচক ও অ্যানালিস্টরা খেলোয়াড়দের ভিডিও ফুটেজ এবং বিশ্লেষণমূলক তথ্য দেখতে পারবেন।

 

৫. ক্রীড়া সাংবাদিকদের জন্য স্কলারশিপ ও পুরস্কার

ক্রীড়া সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে বিসিবি সাংবাদিকদের জন্য একটি স্কলারশিপ বা বৃত্তি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। এছাড়া, দেশের ক্রিকেট সাংবাদিকতাসহ ক্রিকেটের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য পুনরায় 'বিসিবি বার্ষিক পুরস্কার' (Annual Awards Programme) চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

৬. নতুন এইচআর পলিসি অনুমোদন

বিসিবি’র প্রাতিষ্ঠানিক দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে নতুন মানবসম্পদ (HR) নীতিমালা অনুমোদন করা হয়েছে। এটি বিসিবি’র সকল কর্মকর্তা-কর্মচারীর পেশাদার মানোন্নয়নে ভূমিকা রাখবে।

 

আরটিভি/এসআর