images

খেলা / অন্যান্য

৯০ বছর বয়সে দৌড়ে ডাবল বিশ্বরেকর্ড গড়লেন মানুয়েল আলনসো

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ০৫:২০ পিএম

বয়স যেন তার কাছে শুধুই একটি সংখ্যা। ৯০ বছর বয়সেও ট্র্যাকে দুর্দান্ত দৌড়ে একের পর এক সাফল্য ছিনিয়ে নিচ্ছেন স্পেনের প্রবীণ অ্যাথলেট মানুয়েল আলনসো। এবার তিনি ইউরোপিয়ান মাস্টার্স চ্যাম্পিয়নশিপে ৮০০ ও ১৫০০ মিটার ইভেন্টে ডাবল স্বর্ণ জিতে গড়েছেন দুটি নতুন বিশ্বরেকর্ড।

পোল্যান্ডের তৌর্ন শহরে অনুষ্ঠিত এই আসরে +৯০ বিভাগে অংশ নিয়ে আলনসো প্রথমে ৮০০ মিটার দৌড় শেষ করেন ৩ মিনিট ৩৪.২২ সেকেন্ডে। এর মাধ্যমে তিনি ২০১৯ সালে কানাডার আর্ল ফি’র করা ৩ মিনিট ৪২.৫২ সেকেন্ডের বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন।

এরপর চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ১৫০০ মিটার ইভেন্টে আবারও স্বর্ণ জিতে নেন এই স্প্যানিশ কিংবদন্তি। তিনি দূরত্বটি অতিক্রম করেন ৭ মিনিট ০০.৮১ সেকেন্ডে, যা +৯০ বিভাগে আরেকটি বিশ্বরেকর্ড। এতে ভেঙে যায় মঙ্গোলিয়ার রাদনা সেরেন’র করা আগের ৭ মিনিট ৫৫.১২ সেকেন্ডের রেকর্ড।

মানুয়েল আলনসোর কাছে দৌড় শুধুই একটি খেলা নয়, বরং জীবনের অংশ। ২০২১ সালে রেডিও মার্কার ‘ইনগ্রাভিদোস’ অনুষ্ঠানে তিনি বলেছিলেন, খেলাধুলা আমার জীবন বাঁচিয়েছে। কারখানার কাজ ছেড়ে বাড়ি ফিরলে আমি কাঁদতে শুরু করতাম। তার এই উক্তিই যেন প্রমাণ করে, অবসরের পরও কীভাবে খেলাধুলা তাকে নতুন করে বাঁচার শক্তি দিয়েছে।

এদিকে, পুরো আসরে স্পেনও করেছে দারুণ পারফরম্যান্স। দেশটি মোট ১২১টি পদক জিতেছে, যার মধ্যে রয়েছে ৩২টি স্বর্ণ, ৪৮টি রৌপ্য ও ৪১টি ব্রোঞ্জ। এই সাফল্যে তারা পদক তালিকায় চতুর্থ স্থান দখল করে। তালিকায় তাদের ওপরে ছিল জার্মানি (২৯৬), পোল্যান্ড (২২২) ও গ্রেট ব্রিটেন (১৮৯)।

আরও পড়ুন
mohamamd-rafiq

স্পিন বোলিং কোচ হিসেবে বিসিবিতে কাজ করবেন মোহাম্মদ রফিক

শুধু পদক জয়ই নয়, এবারের প্রতিযোগিতায় স্পেন মোট ২০টি জাতীয় রেকর্ড এবং ৩টি বিশ্বরেকর্ড গড়ে নিজেদের শক্ত অবস্থানও জানান দিয়েছে। ৯০ বছর বয়সে মানুয়েল আলনসোর এই কীর্তি শুধু স্পেন নয়, বিশ্ব ক্রীড়াঙ্গনেই হয়ে থাকবে অনুপ্রেরণার এক অনন্য উদাহরণ।

আরটিভি/এসকে