সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ১০:৪৭ পিএম
ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনে স্থানীয় এক ক্রিকেট ম্যাচে রান আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। ম্যাচ পরিচালনার সময় এক দর্শকের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আম্পায়ার দোলা অজিত বাবু। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (৫ এপ্রিল) বিশাখাপত্তনের স্থানীয় দুটি দলের মধ্যকার একটি ক্রিকেট ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন অজিত বাবু ও তার বন্ধু বুদুমুরি চিরঞ্জীবী। ম্যাচ চলাকালে একটি রান আউটের সিদ্ধান্ত নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দুই আম্পায়ার। তবে তাতে উত্তেজনা কমার বদলে আরও বাড়তে থাকে।
পুলিশ জানিয়েছে, ম্যাচ চলাকালে কান্তা কিশোর নামে এক দর্শক মাঠে উপস্থিত খেলোয়াড় ও আম্পায়ারদের উদ্দেশে গালাগালি করতে থাকেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সমস্যা মেটানোর কথা বলে কান্তা দুই আম্পায়ারকে তার কাছে ডাকেন।
পরিস্থিতি সামাল দিতে অজিত বাবু ও চিরঞ্জীবী তার কাছে গেলে হঠাৎই কান্তা পকেট থেকে ছুরি বের করে অজিতের ওপর হামলা চালান। তাকে থামাতে গেলে ছুরিকাঘাতে আহত হন চিরঞ্জীবী এবং আরও এক দর্শক।
গুরুতর আহত অবস্থায় অজিত বাবু ও আহত দর্শককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা অজিত বাবুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত অজিতের বাবা ডোলা আপ্পালা রাজু থানায় মামলা দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে হামলার পর থেকেই অভিযুক্ত ২৬ বছর বয়সী কান্তা কিশোর পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এসকে