মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৮:৪৫ এএম
ফুটবলের একটি ম্যাচে একসঙ্গে ২৪টি লাল কার্ড দেখানোর নজিরবিহীন ঘটনা ঘটেছে ফ্রান্সের অপেশাদার ফুটবলে। আঞ্চলিক ডার্বি ঘিরে ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হওয়ায় রেফারিকে এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মোরবিহাঁ অঞ্চলের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে অ্যাভেনির দ্য গিলিয়ের ও ইন্ডিপেনড দ্য মোর মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও, আসল নাটক শুরু হয় শেষ বাঁশি বাজার পর।
প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুই দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা সংঘর্ষে রূপ নেয়। পরে খেলোয়াড়দের পাশাপাশি এক অভিভাবকও এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ফরাসি সংবাদমাধ্যম ‘ওয়েস্ট-ফ্রান্স’ জানিয়েছে, মোরঁ দলের এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে ছেলেকে রক্ষা করতে গিয়ে সংঘর্ষে অংশ নেন। এ সময় মারামারি ভয়াবহ আকার ধারণ করে এবং তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। মাঠে উপস্থিত দর্শকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে রেফারি এক অভূতপূর্ব সিদ্ধান্ত নেন। ম্যাচে অংশ নেওয়া ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকেই লাল কার্ড দেখানো হয়। এর মধ্যে গিলিয়ের দলের ১৩ জন এবং মোরঁ দলের ১১ জন খেলোয়াড় ছিলেন।
ঘটনাটি স্থানীয় ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট দুই ক্লাবের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরটিভি/এসকে