images

খেলা / ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তি হ্যারি ম্যাগুয়েরের

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০২:২৯ পিএম

হ্যারি ম্যাগুয়ার আপাতত ম্যানচেস্টার ইউনাইটেডে ছাড়ছেন না। বরং ক্লাবটির সঙ্গেই নতুন চুক্তিতে সই করেছেন ইংল্যান্ডের এই অভিজ্ঞ ডিফেন্ডার। ব্রিটিশ গণমাধ্যমের খবর, ওল্ড ট্র্যাফোর্ডে থাকতে বেতন কমাতেও রাজি হয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ম্যাগুয়ারের সঙ্গে নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড। নতুন এই চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন ৩৩ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর অপশনও রাখা হয়েছে।

চলতি মৌসুম শেষে ইউনাইটেডের সঙ্গে ম্যাগুয়ারের আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ফলে গ্রীষ্মকালীন দলবদলে তার ক্লাব ছাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতায় সেই জল্পনার ইতি টানল নতুন এই চুক্তি।

২০১৯ সালে লেস্টার সিটি থেকে ৮ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে ইউনাইটেডে যোগ দেন ম্যাগুইয়ার। সে সময় ডিফেন্ডারদের মধ্যে এটি ছিল বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি। এরপর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের জার্সিতে ২৬৬ ম্যাচ খেলেছেন তিনি।

আরও পড়ুন
TAMIM-IQBAL

তামিমকে শুভেচ্ছা জানাবেন কোয়াব সদস্যরা

ইউনাইটেডের হয়ে এরই মধ্যে দুটি শিরোপাও জিতেছেন ম্যাগুইয়ার। ২০২২-২৩ মৌসুমে জিতেছেন লিগ কাপ, আর পরের মৌসুমে উঠেছেন এফএ কাপের শিরোপা মঞ্চে। সাম্প্রতিক সময়ের উত্থান-পতনের পর নতুন এই চুক্তি তার ইউনাইটেড ক্যারিয়ারে নতুন অধ্যায় হিসেবেই দেখা হচ্ছে।

আরটিভি/এসকে