images

খেলা / ক্রিকেট

বুলবুলের চিঠির প্রেক্ষিতে যা বলল আইসিসি

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ১১:১২ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরখাস্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হয়ে তার অপসারণকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে সংস্থাটির হস্তক্ষেপ কামনা করেছেন। তবে আইসিসির ভেতরের সূত্র বলছে, তার এই অভিযোগে সংস্থাটির ইতিবাচক সাড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম।

বাংলাদেশ সরকার বুলবুলকে সরিয়ে তামিম ইকবালকে বিসিবির অন্তর্বর্তী সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার একদিনের মাথায় তিনি আইসিসিকে চিঠি পাঠান।

এক বিবৃতিতে বুলবুল দাবি করেন, আমরা আইসিসিকে অবিলম্বে হস্তক্ষেপ করে আমাদের নির্বাচিত বোর্ডের বৈধতা রক্ষার আহ্বান জানাচ্ছি। অ্যাডহক কমিটি অবৈধ। তদন্ত প্রতিবেদনও অবৈধ।

তিনি আরও বলেন, ২০২৫ সালের ৬ অক্টোবরের নির্বাচন একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, একজন সিআইডি কর্মকর্তা এবং আরও একজন নিরপেক্ষ সদস্যের সমন্বয়ে গঠিত কমিশনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল। তার দাবি, পরবর্তীতে কোনো সরকারি সংস্থা সেই নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ করতে পারে না। 

বুলবুলের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের ৫ এপ্রিল জমা দেওয়া তদন্ত প্রতিবেদন ছিল ত্রুটিপূর্ণ, খামখেয়ালিপূর্ণ এবং আইনগতভাবে ভিত্তিহীন। 

তিনি বলেন, বিসিবির গঠনতন্ত্র কিংবা দেশের আইনের আলোকে ওই প্রতিবেদনের কোনো বৈধতা নেই।

তবে আইসিসির এক বর্তমান পরিচালক বিষয়টিকে “মারাত্মক স্ববিরোধিতা” বলে উল্লেখ করেছেন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেন, এটা বিস্ময়কর যে একই বিসিবি, যারা আইসিসির সঙ্গে বাধ্যতামূলক সদস্যপদ চুক্তি উপেক্ষা করে সদ্য সমাপ্ত আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার কারণ হিসেবে বাংলাদেশ সরকারের নির্দেশনার কথা বলেছিল, এখন সেই সরকারের তদন্ত ও নির্দেশনা থেকে সুরক্ষার জন্য আইসিসি ও তার সংবিধানের আশ্রয় নিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, আইসিসির সঙ্গে হওয়া এক অনলাইন বৈঠকে বুলবুলই ছিলেন সবচেয়ে কঠোর অবস্থানে। একপর্যায়ে তিনি আলোচনা ছেড়ে বেরিয়ে যেতে পর্যন্ত প্রস্তুত ছিলেন। পুরো বৈঠকজুড়ে এবং অচলাবস্থার সময়ও তিনি বারবার সরকারি নির্দেশনার প্রসঙ্গ তুলে ধরে ভারত থেকে ম্যাচ সরানো না হলে বিশ্বকাপে না খেলার অবস্থানে অনড় ছিলেন।

আরও পড়ুন
vinicius

রিয়ালের মার্চ মাসের সেরা খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র

এখন সেই বুলবুলই সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে আইসিসির সুরক্ষা চাইছেন যা আইসিসির ভেতরে তার অবস্থানকে দুর্বল করে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইসিসির একাধিক সূত্রের দাবি, এই স্ববিরোধিতার কারণেই বুলবুলের অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখার সম্ভাবনা কার্যত নেই।

আরটিভি/এসকে