images

খেলা / ফুটবল

রোনালদো ও ফেলিক্সের গোলে আল নাসরের ইতিহাস

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ১০:১৫ এএম

সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে  আল অখদুদের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। এই ম্যাচে দাপট দেখিয়ে ইতিহাস গড়েছে আল নাসর। টানা ১৪ ম্যাচ জয়ের ক্লাব রেকর্ড গড়েছে রিয়াদভিত্তিক দলটি।

শনিবার (১১ এপ্রিল) আল অখদুদকে ২-০ হারিয়েছে আল নাসর। রোনালদো ছাড়াও দলের জয়ে গোল করে অবদান রেখেছেন তার পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স।

 আল অখদুদের বিপক্ষে জয়টি ছিল একাধিক কারণে তাৎপর্যপূর্ণ। দলের জয়ের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল হন রোনালদো। এ ম্যাচে গোল করে নিজের ক্যারিয়ারের ৯৬৮তম গোল পূর্ণ করেছেন এই পর্তুগিজ তারকা।

আরও পড়ুন
LITy

এস্পানিওলকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে আরও দৃঢ় অবস্থান নিয়েছে আল নাসর। ২৮ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৭০ পয়েন্ট, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলারের চেয়ে ৫ পয়েন্ট বেশি। মৌসুমে বাকি আছে আর মাত্র ছয় ম্যাচ।
 
সবচেয়ে বড় কথা, এই জয়ের মধ্য দিয়ে লিগ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ টানা জয়ের রেকর্ড (১৪ ম্যাচ) গড়েছে আল নাসর। শিরোপার পথে এটি তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে নিঃসন্দেহে।
 
তবে সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। পরের ম্যাচে আল ইত্তিফাকের মুখোমুখি হওয়ার পরই শুরু হবে চ্যালেঞ্জের আসল ধাপ। শীর্ষ চারের তিন দলের বিপক্ষে খেলতে হবে আল নাসরকে। তাদেরে পরবর্তী প্রতিপক্ষের মধ্যে আল আহলি লিগ টেবিলের তিনে, আল কাদিসিয়াহ চারে আর আল হিলাল দুইয়ে অবস্থান করছে।
 
তাই শিরোপার দৌড়ে এগিয়ে থাকলেও এখনও নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই আল নাসরের। তবে রোনালদোর অভিজ্ঞতা ও দলের দুর্দান্ত ছন্দ ধরে রাখতে পারলে ইতিহাসের আরেকটি সাফল্য খুব দূরে নয়। 

তাছাড়া ২০২৩ সালে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত লিগ শিরোপা জেতা হয়নি পর্তুগিজ তারকার। এবার সে সুযোগ তাকে হাতছানি দিয়ে ডাকছে।

আরটিভি/এসআর