images

খেলা / ফুটবল

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ১১:২৮ এএম

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো গুরুতর ইনজুরিতে পড়ায় তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

রোববার (১২ এপ্রিল) ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের ম্যাচে দুর্ঘটনাজনিত সংঘর্ষে আহত হন রোমেরো। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি গোলকিপারের সঙ্গে জোরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মাঠেই পড়ে যান এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

ঘটনার পর দীর্ঘ সময় ধরে মাঠেই চিকিৎসা দেওয়া হয় তাকে। পরে কান্নাজড়িত অবস্থায় স্ট্রেচারে করে মাঠ ছাড়েন রোমেরো, যা তার চোটের গুরুতর হওয়ার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার হাঁটুতে মারাত্মক চোট লেগেছে। বিশেষ করে লিগামেন্ট বা মেনিসকাসে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত অবস্থা জানতে অপেক্ষা করতে হবে স্ক্যান রিপোর্টের জন্য।

টটেনহ্যাম কোচ রবার্তো ডি জার্বি জানিয়েছেন, এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। আগামী কয়েক দিনের পরীক্ষার পরই রোমেরোর ইনজুরির প্রকৃতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

এদিকে আর্জেন্টিনার নির্ভরযোগ্য সাংবাদিক গাস্তন ইদুল জানিয়েছেন, রোমেরোর হাঁটুতে অস্থিরতা দেখা গেছে এবং লিগামেন্ট পরীক্ষা করা হবে। গুরুতর ইনজুরি হলে বিশ্বকাপে তার খেলা অনিশ্চিত হয়ে পড়তে পারে।

আরও পড়ুন
IRAN-WORLDCUP

ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ, যুক্তরাষ্ট্রেই খেলতে হবে ইরানকে

উল্লেখ্য, বিশ্বকাপের ড্র অনুযায়ী আর্জেন্টিনা ‘গ্রুপ জে’তে রয়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে এই বৈশ্বিক ফুটবলের মহাআসর।

আরটিভি/এসকে