images

খেলা / ফুটবল

মুসলিম খেলোয়াড়দের ‘নিষিদ্ধ প্রাণীর মাংস’ দিয়ে সমালোচনায় ক্লাব প্রেসিডেন্ট

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৩:৫৩ পিএম

স্প্যানিশ ফুটবলে আবারও বর্ণবাদ ও ধর্মীয় সংবেদনশীলতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার অভিযোগ উঠেছে মুসলিম খেলোয়াড়দের সঙ্গে অপমানজনক আচরণের।

রোববার (১২ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি সামনে আনে গোল ডটকম। সেখানে বলা হয়, স্পেনের চতুর্থ বিভাগের ক্লাব সিডি কোলোনিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জাভি পুভিসর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। 

ভিডিওতে দেখা যায়, পুভিস মুসলিম খেলোয়াড়দের দিকে ইবেরিয়ান শূকরের মাংস নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং তাদের ‘শূকরের মাংস খাও’ বলে তাড়া করছেন। বিষয়টি অনেকেই ‘বর্ণবাদী ও ধর্মীয়ভাবে অপমানজনক’ হিসেবে আখ্যা দেন।

প্রথমে ভিডিওটি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন পুভিস, তবে তীব্র প্রতিক্রিয়ার মুখে পরে তা মুছে ফেলেন। শুরুতে তিনি ঘটনাটিকে ‘মজার ছলে করা’ বলে ব্যাখ্যা দেন। কিন্তু সমালোচনা বাড়তে থাকলে পরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমরা শুধু মজা করতে চেয়েছিলাম, কাউকে বা কোনো ধর্মকে অপমান করার উদ্দেশ্য ছিল না।”

তবে সমালোচকরা বলছেন, এই ধরনের আচরণ ‘রসিকতার সীমা ছাড়িয়ে গেছে’ এবং এটি ক্রীড়াসুলভ মূল্যবোধ ও মানবিক সম্মানের পরিপন্থী।

৩৯ বছর বয়সী পুভিস এর আগেও নানা বিতর্কে জড়িয়েছেন। ২০১৯ সালে তিনি ক্লাবের নাম সাময়িকভাবে ‘ফ্ল্যাট আর্থ ক্লাব’ রাখেন এবং কোভিড-১৯ ভ্যাকসিনের বিরোধিতা করেন। এছাড়া এক ম্যাচ শেষে এক রেফারিকে ঘুষ দেওয়ার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করায় তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ ও ৩,৫০০ ইউরো জরিমানা করা হয়েছিল। যদিও পরে সেই শাস্তি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস বাতিল করে।

ক্রমবর্ধমান বিতর্ক ও সমালোচনার মুখে গত ১ এপ্রিল তিনি ক্লাব প্রেসিডেন্টের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। তবে তিনি এখনো ক্লাবের পরিচালনা পর্ষদের সঙ্গে যুক্ত রয়েছেন।

১৯৪৫ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি বর্তমানে স্পেনের নিম্ন লিগে টিকে থাকার লড়াই করছে।

আরও পড়ুন
CITY

আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি

পদত্যাগের সময় দেওয়া এক বার্তায় পুভিস জানান, তিনি ফুটবল থেকে সরে গিয়ে ভিন্ন জীবন শুরু করতে চান। আমি একজন রাখাল হিসেবে নতুন জীবন শুরু করব। টমেটো চাষ করব এবং ভেড়া পালন করব, বলেন তিনি।


আরটিভি/এসকে