বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ১১:৪২ এএম
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে ৪-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্টে থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই হারের পর সংবাদ সম্মেলনে সরাসরি রেফারির দিকে আঙুল তুলেছেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া।
তার মতে, রেফারির একটি অহেতুক লাল কার্ডের কারণেই বিফলে গেছে রিয়ালের সব পরিশ্রম। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ৮৬তম মিনিটে এডুয়ার্দো কামাভিঙ্গাকে দেওয়া লাল কার্ডটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।
আরবেলোয়া বলেন, পুরো ড্রেসিংরুম এখন হতাশায় ভুগছে। আমরা বায়ার্নকে অভিনন্দন জানাই। কিন্তু তারা অন্যভাবে আমাদের হারালে ভালো হতো। ওই লাল কার্ডটি ছিল অবিশ্বাস্য। কেউ এটি বুঝতে পারছে না। রেফারির একটি ভুলে আমাদের সব পরিশ্রম বিফলে গেছে।
তিনি আরও বলেন, রেফারি সম্ভবত জানতেন না যে কামাভিঙ্গার আগে একটি হলুদ কার্ড ছিল। বায়ার্ন খেলোয়াড়রা মনে করিয়ে দেওয়ার পর তিনি লাল কার্ড বের করেন। এটি আরও বড় ভুল।
রিয়ালের হয়ে ১৬তম চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বপ্ন অধরাই রয়ে গেল এ বছর। কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে আরবেলোয়া বেশ স্পষ্টবাদী।
তিনি বলেন, আমি ক্লাবের মানুষ। ক্লাব আমার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিলে আমি তা মেনে নেব। আমি এখানে নিজেকে প্রমাণ করতে আসিনি, এসেছি খেলোয়াড়দের সাহায্য করতে। হারলে তার দায় সবসময় কোচেরই হয়, আমি সেই দায় নিচ্ছি।
হারলেও খেলোয়াড়দের লড়াকু মানসিকতায় গর্বিত কোচ। আরবেলোয়া জানান, আমরা এখানে রক্ষণাত্মক খেলতে আসিনি, গোল করতে এসেছিলাম। আমার খেলোয়াড়রা তাদের সর্বোচ্চটা দিয়ে খেলেছে। আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো কাজে লাগাতে পারিনি।
আরটিভি/এসআর