images

খেলা / অন্যান্য

ডোপিংয়ের অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় ভারতের নাম

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৭:৫৬ পিএম

অ্যাথলেটিকস ফেডারেশন অব ইন্ডিয়াকে (এএফআই) ‘অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ’ ডোপিং তালিকাভুক্ত করেছে অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিট (এআইইউ)। এই তালিকায় আগে থেকেই ছিল রাশিয়া, বেলারুশ, ইথিওপিয়া, কেনিয়া, নাইজেরিয়া এবং ইউক্রেন।

সোমবার (২০ এপ্রিল) এক ঘোষণায় এমনটাই জানিয়েছে এআইইউ। 

এর ফলে ভারতকে এখন ক্যাটাগরি ‘বি’ থেকে উন্নীত করে ক্যাটাগরি ‘এ’তে আনা হয়েছে। অর্থাৎ ভারতীয় অ্যাথলেটদের ওপর এখন আরও কঠোর অ্যান্টি-ডোপিং নিয়ম প্রযোজ্য হবে। 

আরও পড়ুন
LITopy

এটা ব্রাজিলের বিশ্বকাপ ট্রফি জেতার সঠিক সময়: কাফু

এআইইউ’র তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে অ্যাথলেটিকসে ডোপিং লঙ্ঘনের সংখ্যায় শীর্ষ দেশগুলোর মধ্যে ভারত প্রথম দুই অবস্থানে রয়েছে।

এআইইউ চেয়ারম্যান ডেভিড হাওম্যান বলেন, ভারতে ডোপিং সমস্যা দীর্ঘদিন ধরেই উচ্চ ঝুঁকিপূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে, দেশটির অভ্যন্তরীণ অ্যান্টি-ডোপিং ব্যবস্থার মান এই ঝুঁকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এএফআই কিছু সংস্কারের কথা বললেও বাস্তবে পর্যাপ্ত পরিবর্তন হয়নি।

এআইইউ জানিয়েছে, তারা এখন এএফআই’র সঙ্গে কাজ করে সংস্কার আনার চেষ্টা করবে, যেমনটি অন্য উচ্চ ঝুঁকিপূর্ণ ফেডারেশনগুলোর ক্ষেত্রেও করা হয়েছে।

ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ডব্লিউএডিএ) প্রধান উইটোল্ড বাঙ্কা সম্প্রতি দিল্লি সফরে গিয়ে বলেন, ভারত বিশ্বের অন্যতম বড় পারফরম্যান্স-বর্ধক ওষুধ উৎপাদনকারী দেশ। তবে তিনি এটাও বলেন যে, ডোপিং সমস্যার কারণে ভারতের বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের স্বপ্ন বাধাগ্রস্ত হবে না।

সাম্প্রতিককালে এশিয়ান গেমস স্বর্ণপদকজয়ী ভারতীয় তীরন্দাজ প্রথমেশ জওকর দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। কারণ, তিনি ‘হোয়্যারাবাউটস ফেইলর (ডোপিং-বিরোধী অবস্থান সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নিয়ম মেনে চলতে ব্যর্থ)’এর নিয়ম ভেঙেছেন।

ভারত ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের লক্ষ্যেও কাজ করছে। 
 
আরটিভি/এসআর