images

খেলা / ক্রিকেট

সুপার ওভারের নাটকীয়তায় লখনৌকে হারাল কলকাতা

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৯:৩৯ এএম

চলতি আইপিএলে প্রথমবারের মতো সুপার ওভারের রোমাঞ্চ দেখা গেল লখনৌয়ে। আর সেই উত্তেজনাপূর্ণ ম্যাচে রিঙ্কু সিংহের অবিশ্বাস্য অলরাউন্ড পারফরম্যান্সে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ঘরের মাঠে এই জয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল আজিঙ্কা রাহানের দল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি কেকেআরের। টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতায় মাত্র ৩১ রানেই ৪ উইকেট হারায় দলটি। টিম সেইফার্ট টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরেন। অধিনায়ক রাহানে করেন ১০, অঙ্গকৃশ রঘুবংশী ৯ ও রভম্যান পাওয়েল মাত্র ১ রান করে আউট হন।

তবে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত লড়াই করেন রিঙ্কু সিংহ। ৫টি ছক্কার সাহায্যে অপরাজিত ৮৩ রানের ঝলমলে ইনিংসে দলকে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রানে পৌঁছে দেন তিনি। লখনৌর হয়ে দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট নেন মহসিন খান।

রঘুবংশীর আউট নিয়ে ম্যাচে বিতর্কও তৈরি হয়। ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আইনে তৃতীয় আম্পায়ার তাকে আউট দিলে মাঠে ও ডাগআউটে অসন্তোষ দেখা যায়।

১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে লখনৌ। তবে শেষ দিকে আয়ুষ বাদোনি, জর্জ লিন্ডে ও মোহাম্মদ শামির ব্যাটে ম্যাচে ফেরে তারা। শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল, আর শেষ বলে শামির ছক্কায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান সুনীল নারিন। তিনি মাত্র ১ রান দেন এবং নিকোলাস পুরান ও এইডেন মার্করামকে আউট করেন। ২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই চার মেরে জয় নিশ্চিত করেন রিঙ্কু সিংহ।

আরও পড়ুন
pizo

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আর্জেন্টাইন ফুটবলার

এই জয়ে ৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে উঠে এসেছে কেকেআর। অন্যদিকে টানা পঞ্চম পরাজয়ে দশম স্থানে নেমে গেছে লখনৌ সুপার জায়ান্টস। 


আরটিভি/এসকে