images

খেলা / ফুটবল

লিডস ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১২:১৩ পিএম

জয়ের স্বাদ যেন ভুলতেই বসেছিল চেলসি। আগের আট ম্যাচের মধ্যে সাতটিতেই হার, একমাত্র জয় এসেছিল এফএ কাপের কোয়ার্টার ফাইনালে। সেই প্রতিযোগিতারই সেমিফাইনালে এবার লিডস ইউনাইটেডকে হারিয়ে ফাইনালের টিকিট কেটে নিল লন্ডনের ক্লাবটি।

মাঠের বাইরে ও ভেতরের টানা ব্যর্থতায় চাপে থাকা চেলসি সম্প্রতি কোচ লিয়াম রোজেনিয়রকে বরখাস্ত করে। তার জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকা ক্যালাম ম্যাকফারলেনের অধীনে দলটি কিছুটা হলেও ঘুরে দাঁড়ায়। অবশেষে এই ম্যাচে আসে বহু প্রতীক্ষিত জয়।

প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে গোল না করে হার ১৯১২ সালের পর চেলসির অন্যতম বাজে ফর্ম। সেই হতাশা কাটিয়ে সেমিফাইনালে স্বস্তির জয় পায় তারা।

ম্যাচের শুরুতে লিডস ইউনাইটেড কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। অন্যদিকে চেলসির অধিনায়ক এনজো মাঝমাঠ থেকে একবার গোলের চেষ্টা করলেও তা সহজেই গোলরক্ষকের হাতে যায়।

প্রথম ১৫ মিনিটে লিডস কিছুটা এগিয়ে থাকলেও লিড নিতে ব্যর্থ হয়। এরপর ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে চেলসি। ২৩তম মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। লিডস ডিফেন্ডারের ভুলে বল হারিয়ে যায়, আর পেদ্রো নেতোর নিখুঁত ক্রসে হেড করে জাল কাঁপান এনজো। এটি ছিল তার চলতি মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩তম গোল।

আরও পড়ুন
FIFA

২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নিলো ফিফা

এরপর দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউই। শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখে ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয় চেলসি। এফএ কাপের ফাইনালে এবার তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

আরটিভি/এসকে