images

খেলা / ফুটবল

বিশ্বকাপের আগে মদ্রিচকে নিয়ে ক্রোয়েশিয়ার দুঃসংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০১:৪৮ পিএম

চলতি মৌসুমে ক্লাব ফুটবলে আর মাঠে নামা হচ্ছে না ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচের। চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় ইতোমধ্যেই অস্ত্রোপচার করাতে হয়েছে এসি মিলানের এই অভিজ্ঞ ফুটবলারকে। ফলে মৌসুমের শেষদিকে তাকে আর পাচ্ছে না ইতালিয়ান ক্লাবটি। 

রোববার (২৬ এপ্রিল) জুভেন্টাস বিপক্ষে গোলশূন্য ম্যাচে দুর্ঘটনার শিকার হন মদ্রিচ। হেড করতে গিয়ে প্রতিপক্ষের মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেলি-এর সঙ্গে সংঘর্ষে গুরুতর চোট পান তিনি। পরীক্ষার পর সোমবার তার বাম চোখের পাশের হাড়ে জটিল ভাঙন ধরা পড়ে এবং দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

ক্লাব সূত্রে জানানো হয়েছে, অপারেশন সফল হয়েছে, তবে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা এখনো নিশ্চিত নয়। সিরি আ-তে আর মাত্র চার ম্যাচ বাকি থাকায় চলতি মৌসুমে তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

তবে সামনে বড় লক্ষ্য ২০২৬ ফিফা বিশ্বকাপ। আসন্ন এই বিশ্ব আসরের আগে মদ্রিচকে পুরোপুরি সুস্থ করে তুলতে আশাবাদী এসি মিলান। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ। ১৭ জুন ইংল্যান্ড জাতীয় ফুটবল দল-এর বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দল।

ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ জানিয়েছেন, মদ্রিচের সঙ্গে আমার কথা হয়েছে। অপারেশন সফল হয়েছে এবং আমরা আশা করছি দ্রুতই সে পুনর্বাসন সম্পন্ন করবে। বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে সে সর্বোচ্চ চেষ্টা করবে।

এদিকে, এসি মিলানের সঙ্গে মদ্রিচের চুক্তিরও শেষ সময় চলছে। রিয়াল মাদ্রিদ থেকে গত মৌসুম শেষে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেন তিনি। চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি।

৪০ বছর বয়সেও দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন মদ্রিচ। চলতি মৌসুমে ৩৪ ম্যাচের মধ্যে ৩২টিতেই শুরুর একাদশে ছিলেন এবং সর্বশেষ ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ও নির্বাচিত হন তিনি। 

আরও পড়ুন
YELLOW-CARD

২০২৬ বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তনের পথে ফিফা

বর্তমানে সিরি আ'র পয়েন্ট টেবিলে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এসি মিলান। শীর্ষে ইন্টার মিলান (৭৯ পয়েন্ট) এবং দ্বিতীয় স্থানে নাপোলি (৬৯ পয়েন্ট)।

আরটিভি/এসকে