images

খেলা / ফুটবল

ট্রাম্পকে দেওয়া ‘ফিফা শান্তি পুরস্কার’ বাতিলের দাবি

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৪:৩৪ পিএম

গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার তুলে দিয়েছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। যা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এবার সেই পুরস্কার বাতিলের দাবি তুলেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)।

নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লিসে ক্লাভেনেস জানিয়েছেন, ফুটবলের সঙ্গে সম্পর্কহীন এমন পুরস্কার দেওয়া বন্ধ করতে তারা চিঠি লিখবেন। 

তিনি সাংবাদিকদের বলেন, আমরা চাই এই পুরস্কার বাতিল করা হোক। এমন কোনো পুরস্কার দেওয়া ফিফার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমরা মনে করি না। এ কাজের জন্য স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে নোবেল ইনস্টিটিউট। 

আরও পড়ুন
psg-nd-bayern

চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ ম্যাচে পিএসজি-বায়ার্ন মুখোমুখি

তিনি আরও বলেন, ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যে শান্তি পুরস্কার দেওয়া হয়েছে, তা ফিফার নিজস্ব রাজনৈতিক নিরপেক্ষতার নীতিমালা লঙ্ঘন করেছে। এ ছাড়া ফিফার ভেতরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি।

এ ছাড়া ‘ফেয়ারস্কয়ার’ নামে একটি প্রচারগোষ্ঠী শান্তি পুরস্কার নিয়ে যে অভিযোগ করেছে ফিফার নৈতিকতা কমিটির কাছে, সেটিকেও সমর্থন দেবে এনএফএফ।

ধারণা করা হচ্ছে, ৩০ এপ্রিল ভ্যাঙ্কুভারে শুরু হতে যাওয়া ফিফা কংগ্রেসে বিষয়টি নিয়ে নিজেদের অভিমত তুলে ধরবেন ক্লাভেনেস।

প্রসঙ্গত, নোবেল শান্তি পুরস্কার পাওয়ার লক্ষ্যে মরিয়া ছিলেন মার্কিন রাষ্ট্রপ্রধান। যদিও তাকে শেষমেষ হতাশই হতে হয়েছে। এরপরই ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া হয়। সমালোচকদের ধারণা, ফিফা সভাপতির সঙ্গে ভালো সম্পর্কের কারণেই ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া হয়।

আরটিভি/এসআর