মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৮:৩১ পিএম
দীর্ঘদিনের অস্থিরতার অবসান ঘটিয়ে অবশেষে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট শাম্মি সিলভা ও তার নির্বাহী কমিটির সকল সদস্যরা। দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে প্রশাসনের পরিবর্তনের ডাক দেওয়ার পর এই সিদ্ধান্ত নেন তারা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রায় তিন ঘণ্টা স্থায়ী এক রুদ্ধশ্বাস বৈঠকের পর শাম্মি সিলভা ও তার কমিটি পদত্যাগের বিষয়ে একমত হন।
আগামীকাল (বুধবার) ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন তারা। তবে পদত্যাগের পর পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে, সে বিষয়ে কমিটির সদস্যরা এখনই মুখ খুলছেন না।
গত সপ্তাহেই প্রেসিডেন্ট দিশানায়েকের সঙ্গে দেখা করেছিলেন শাম্মি সিলভা। মূলত জাতীয় দলের টানা ব্যর্থতা এবং খেলোয়াড়দের পক্ষ থেকে আসা নানা অভিযোগের প্রেক্ষিতে সরকার মার্চের শুরু থেকেই শাম্মি সিলভাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল।
এর আগেও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বড় বিপদে পড়েছিল দেশটি। ২০২৩ সালের ডিসেম্বরে তৎকালীন ক্রীড়ামন্ত্রী শাম্মি সিলভাকে বরখাস্ত করলে আইসিসি রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করে দিয়েছিল। পরে আদালতের মাধ্যমে তিনি পুনরায় দায়িত্ব ফিরে পান।
এবার খোদ দেশটির প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপে এই পদত্যাগের ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কী প্রতিক্রিয়া দেখায়, এখন সেটিই দেখার বিষয়।
সরকার ইতিমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেটের হাল ধরার জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটির নাম চূড়ান্ত করে ফেলেছে। খুব শীঘ্রই নতুন প্রশাসনের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরটিভি/এসআর