images

খেলা / ফুটবল

বিশ্বকাপে পোষা প্রাণীর জন্য আসছে ফ্যাশন জার্সি, দাম কত

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৭:৪৫ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে এবার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাস। প্রতিষ্ঠানটি পোষা প্রাণীদের জন্য বিশেষভাবে তৈরি জাতীয় দলের জার্সি বাজারে আনছে, যা নিয়ে ইতোমধ্যে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। খবর ইএসপিএন।

নতুন এই ‘পেট কালেকশন’ মূলত কুকুর ও বিড়ালের জন্য তৈরি করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে চারটি দেশের হোম জার্সির আদলে পোশাক পাওয়া যাবে আর্জেন্টিনা, মেক্সিকো, কলম্বিয়া এবং জাপান।

এই জার্সিগুলোতে সংশ্লিষ্ট দেশের জাতীয় দলের ঐতিহ্যবাহী ডিজাইন উপাদান যুক্ত করা হয়েছে। উদাহরণ হিসেবে, আর্জেন্টিনার জার্সিতে থাকবে পরিচিত আকাশি-সাদা ডোরা ‘আলবিসেলেস্তে’ ডিজাইন। মেক্সিকোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ঐতিহ্যবাহী অ্যাজটেক ভাস্কর্য “পিয়েড্রা ডেল সোল” অনুপ্রাণিত নকশা।

প্রতিটি জার্সিতে সংশ্লিষ্ট ফেডারেশনের ক্রেস্ট এবং অ্যাডিডাস লোগো হিট-ট্রান্সফার প্রযুক্তিতে যুক্ত করা হয়েছে, যাতে পোশাকটি দেখতে প্রিমিয়াম হয় এবং পোষা প্রাণীদের জন্য আরামদায়ক থাকে।

আরও পড়ুন
tamim-nd-sakib

সাকিবের ফেরার বিষয়ে যা বললেন তামিম ইকবাল

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন আকারের কুকুর ও বিড়ালের কথা মাথায় রেখে সাইজিং ব্যবস্থা রাখা হয়েছে চিহুয়াহুয়া থেকে শুরু করে বড় আকারের নিউফাউন্ডল্যান্ড পর্যন্ত সব ধরনের পোষা প্রাণীর জন্যই উপযোগী ডিজাইন থাকবে।

জানা গেছে, প্রতিটি জার্সির দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ৩৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ হাজার টাকার কাছাকাছি। বিশ্বকাপ ঘিরে এমন পোষা প্রাণী কেন্দ্রিক ফ্যাশন কালেকশনকে অনেকেই ক্রীড়া মার্কেটিংয়ের নতুন ট্রেন্ড হিসেবে দেখছেন।

আরটিভি/এসকে