শুক্রবার, ০১ মে ২০২৬ , ০২:৫৪ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের কারণে বিশ্বকাপে নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য ফিফার কাছে আবেদন জানিয়েছিল ইরান। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শুরু থেকেই যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলার ব্যাপারে আশা প্রকাশ করছেন। সম্প্রতি ফিফা কংগ্রেসে আবারও বলেছেন, বিশ্বকাপ খেলতে ইরান দল অবশ্যই যুক্তরাষ্ট্রে যাবে।
২০২৬ সালের বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ৪৮ দলের এই আসরে অংশ নেয়া দলগুলোকে একাধিক দেশে ভ্রমণ করতে হবে, যা ভিসা জটিলতা ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
তবে ফিফা কংগ্রেসের উদ্বোধনী বক্তব্যে ইনফান্তিনো বলেন, অবশ্যই ইরান ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে এবং অবশ্যই তারা যুক্তরাষ্ট্রে খেলবে। এর কারণ খুবই সহজ, আমাদের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সবাইকে কাছাকাছি আনতে হবে, এটি আমার দায়িত্ব।
ইরান এরই মধ্যে এশিয়ান বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষে থেকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদী তাজ সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট উত্তেজনা বিশ্বকাপ আয়োজনের পরিবেশকে প্রভাবিত করতে পারে বলে মনে করেন তিনি।
বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্ভাব্যভাবে নকআউট পর্বে ডালাসে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সুযোগও তৈরি হতে পারে।
আরটিভি/এসআর