শুক্রবার, ০১ মে ২০২৬ , ০৭:৪১ পিএম
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব স্কানথর্প ইউনাইটেডের মালিকানায় যুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী রোজ রহমান। ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটির ২০ শতাংশ শেয়ারের মালিক এখন তিনি।
২০২৩ সালে তৎকালীন মালিক ডেভিড হিল্টনের অধীনে আর্থিক সংকটে পড়ে ক্লাবটি বিক্রির তালিকায় ওঠে। সেই সময় রোজ রহমানসহ মোট চারজন বিনিয়োগকারী ক্লাবটির শেয়ার কেনেন। রোজ রহমান ছাড়াও মিচেল হারনেস, জর্জ এইটকেনহেড এবং ইয়ান শার্প প্রত্যেকে ২০ শতাংশ করে মালিকানা নেন। বাকি শেয়ারগুলোর পরিমাণ ১০ শতাংশের নিচে।
বর্তমানে মিচেল হারনেস ক্লাবের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। ক্লাব পরিচালনা পর্ষদে রয়েছেন জিওফ গ্যাডি, ভি হারনেস, লুক মাইকেল, তিনা মুর এবং সু র্যান্ডস।
রোজ রহমানের পারিবারিক শেকড় বাংলাদেশের সিলেটে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “একটি ক্লাবের মালিক হওয়া সত্যিই সম্মানের। এটি একটি সুযোগও বটে… আমি ব্রিটিশ-বাংলাদেশি।”
লিংকনশায়ারভিত্তিক স্কানথর্প ইউনাইটেড বর্তমানে ইংলিশ ফুটবলের পঞ্চম স্তরের ন্যাশনাল লিগে খেলছে। ২০২৫-২৬ মৌসুমে তারা লিগ টেবিলের পাঁচে থেকে শেষ করেছে এবং প্লে-অফে খেলার সুযোগ পেয়েছে।
প্লে-অফ কোয়ার্টার ফাইনালে তারা সাউথএন্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। রোববার(৩ এপ্রিল) সেমিফাইনালে তারা রোচডেলের মুখোমুখি হবে। এই ধাপগুলো পেরোতে পারলে ক্লাবটি চতুর্থ স্তরের লিগ টু-তে উন্নীত হওয়ার সুযোগ পাবে।
উল্লেখ্য, স্কানথর্প ইউনাইটেড একসময় ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপেও খেলেছে। ২০০৯-১০ মৌসুমে তারা ২০তম হয়ে অবনমিত হয়। পরের মৌসুমে লিগ ওয়ান থেকেও অবনমনের পর দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে নিচের স্তরে নেমে বর্তমানে পঞ্চম স্তরে অবস্থান করছে।
আরটিভি/এসকে