রোববার, ০৩ মে ২০২৬ , ০৮:২৩ এএম
লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে কষ্টার্জিত এক জয় পেয়েছে বার্সেলোনা।
শনিবার(২ মে) রাতে ওসাসুনার মাঠ এল সাদরে অনুষ্ঠিত ম্যাচে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে কাতালানরা। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করার পাশাপাশি ট্রফি জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেল হ্যান্সি ফ্লিটের শিষ্যরা। যদিও পুরো ম্যাচে বার্সেলোনার পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক ছিল না, তবে শেষ মুহূর্তের দক্ষতায় তারা পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য দেখায় বার্সেলোনা। প্রথমার্ধে প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখলেও ওসাসুনার রক্ষণভাগে ফাটল ধরাতে পারছিলেন না লেভানদোভস্কিরা। উল্টো পাল্টা আক্রমণে বেশি ভীতি ছড়িয়েছে স্বাগতিক ওসাসুনাই। ৩৬তম মিনিটে আন্তে বুদিমিরের একটি শট পোস্টে লেগে ফিরে এলে নিশ্চিত গোল থেকে বেঁচে যায় বার্সা। এর কিছুক্ষণ পর বার্সা গোলরক্ষক হোয়ান গার্সিয়া দারুণ এক সেভ করে দলকে রক্ষা করেন।
দ্বিতীয়ার্ধেও বার্সেলোনাকে গোল পেতে বেশ বেগ পেতে হয়েছে। ম্যাচের পরিস্থিতি বুঝতে পেরে কোচ হ্যান্সি ফ্লিক ৬২তম মিনিটে দানি ওলমো, গাভি এবং রুনি বার্দগির পরিবর্তে ফেররান তরেস, ফ্রেংকি ডি ইয়ং এবং মার্কাস র্যাশফোর্ডকে মাঠে নামান। এই পরিবর্তনের সুফল পেতে খুব বেশি দেরি হয়নি। ৮১তম মিনিটে বদলি হিসেবে নামা র্যাশফোর্ডের চমৎকার এক ক্রস থেকে দুর্দান্ত হেডে দলকে লিড এনে দেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। চলতি লিগে এটি তার ১৩তম গোল।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেররান তরেস। ফের্মিন লোপেসের নিখুঁত এক থ্রু পাস ধরে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ২-০ তে এগিয়ে গিয়ে বার্সেলোনা যখন সহজ জয়ের সুবাস পাচ্ছিল, ঠিক তখনই ঘুরে দাঁড়ায় ওসাসুনা। ৮৮তম মিনিটে রাউল গার্সিয়া একটি গোল শোধ করলে ম্যাচে টানটান উত্তেজনা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
এই জয়ের পর ৩৪ ম্যাচে ২৯ জয় ও এক ড্রয়ে ৮৮ পয়েন্ট নিয়ে টেবিলের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ১৪। আজ এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারালেই বার্সেলোনার শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে। আর যদি রিয়াল জেতে, তবে আগামী সপ্তাহের এল ক্লাসিকোতে ড্র করলেই ট্রফি উৎসব করবে বার্সেলোনা। অন্যদিকে ওসাসুনা ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে অবস্থান করছে।
আরটিভি/এআর