লা লিগা শিরোপা জয়ের দৌড়ে বড় ধরনের সুবিধাজনক অবস্থানে আছে বার্সেলোনা। শীর্ষ দুই দলের মাঝে এখন ১১ পয়েন্টের ব্যবধান থাকায় টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে কাতালানরা।
শনিবার ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। অন্যদিকে পরদিন রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে এস্পানিওলের। এই রাউন্ডে যদি বার্সা জয় পায় এবং রিয়াল পয়েন্ট হারায়, তবে চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যাবে হ্যান্সি ফ্লিকের দল।
তবে এত কাছাকাছি শিরোপা থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তিনি বলেন, এখনো কিছুই শেষ হয়নি। আমরা ভালো অবস্থানে আছি, কিন্তু আরও ম্যাচ জিততে হবে। আমাদের পুরো মনোযোগ এখন শুধু ওসাসুনার ম্যাচে।
এই সপ্তাহে শিরোপা নিশ্চিত না হলেও ১০ মে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পেলেই ট্রফি নিশ্চিত করতে পারে বার্সা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শিরোপা নিশ্চিত করার সুযোগ নিয়ে ফ্লিক বলেন, আমি এখন অন্য কোনো ম্যাচ নিয়ে ভাবতে চাই না। কেবল ওসাসুনা ম্যাচই আমাদের ফোকাস।
ম্যাচের আগে বার্সার জন্য কিছুটা স্বস্তির খবরও এসেছে। রাফিনহা ও মার্ক বার্নালকে স্কোয়াডে পাচ্ছে দল। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে লামিনে ইয়ামাল এই মৌসুমে আর খেলতে পারবেন না।
ফ্লিক রাফিনহার প্রসঙ্গে বলেন, সে দলের সঙ্গে আছে, এটা বড় স্বস্তি। রাফিনহা সবসময় ১০০ শতাংশ দেয় এবং তার মানসিকতা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বার্নালও শনিবার দলে থাকবেন এবং খেলার সুযোগ পেতে পারেন বলে জানিয়েছেন কোচ।
আরটিভি/এসকে



