images

খেলা / ক্রিকেট

পিএসএলের এবারের আসরে কে কোন পুরস্কার জিতলেন?

সোমবার, ০৪ মে ২০২৬ , ০২:০১ পিএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের পর্দা নেমেছে। জমজমাট এই আসরের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছেন অ্যারন হার্ডি। হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে পেশোয়ার জালমিকে ৫ উইকেটের জয় এনে দিতে বল হাতে ২৭ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৩৯ বলে খেলেন ৫৬ রানের কার্যকর ইনিংস।

পুরো টুর্নামেন্টে বল হাতে আধিপত্য দেখিয়ে সেরা বোলারের স্বীকৃতি পেয়েছেন সুফিয়ান মুকিম। ১৪.৪০ গড় ও ৭.২০ ইকোনমিতে সর্বোচ্চ ২২ উইকেট শিকার করে তিনি জিতেছেন ফজল মাহমুদ ক্যাপ।

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা ফাইনালে জিতেছেন ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার। যা তার পারফরম্যান্সকে আলাদা করে তুলে ধরেছে।

এবারের আসরে পুরস্কারের তালিকায় দাপট ছিল চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির খেলোয়াড়দের। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সেরা ব্যাটার এবং হানিম মোহাম্মদ ক্যাপ জিতেছেন বাবর আজম। পুরো আসরে ১১ ম্যাচে ১৪৫.৯০ স্ট্রাইকরেটে ৫৮৮ রান করে সমালোচনার জবাব দিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

এছাড়া সেরা অলরাউন্ডার হয়েছেন শাদাব খান, সেরা উইকেটরক্ষক কুশাল মেন্ডিস এবং সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন ফারহান ইউসাফ। উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার গেছে হুনাইন শাহর ঝুলিতে। 

দলের দিক থেকেও স্বীকৃতি পেয়েছে হায়দরাবাদ, যারা জিতেছে ‘স্পিরিট অব দ্য ক্রিকেট’ পুরস্কার। আর সেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন আসিফ ইয়াকুব।

গত ২৬ মার্চ শুরু হওয়া এই আসরে অংশ নেয় ৮টি দল। এক মাসের বেশি সময় ধরে মোট ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়, যার মধ্যে লিগ পর্বেই ছিল ৪০টি ম্যাচ।

চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি পুরো আসরেই ছিল দুর্দান্ত। লিগ পর্বে ১০ ম্যাচে মাত্র একটিতে হেরে এবং একটি ম্যাচ পরিত্যক্ত রেখে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সরাসরি কোয়ালিফায়ারে ওঠে তারা। পরে ফাইনালেও হায়দরাবাদকে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি।

আরও পড়ুন
morinho_20250918_231912926

রিয়াল মাদ্রিদে ফিরতে ৭ খেলোয়াড়ের ছাঁটাই চান মরিনহো

এই আসরে মোট ৬ জন ব্যাটার সেঞ্চুরি করেছেন, যার মধ্যে একাধিক সেঞ্চুরি রয়েছে কেবল বাবর আজমের (২টি)। টি-টোয়েন্টিতে তার ব্যাটিং নিয়ে চলা সমালোচনার মাঝেই এই পারফরম্যান্স নতুন করে আলোচনায় এনেছে তাকে।

আরটিভি/এসকে